ভারতে দেড় বছর জেল খেটে ফিরেছে ৯ তরুণী
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২২:০১
ভারতে দীর্ঘ দেড় বছর কারাভোগের পর ট্রাভেল পারমিটের মাধ্যমে সোমবার বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ৯ তরুণী দেশে ফিরেছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ মাসুদ জানান, গত দেড় বছর আগে নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্যরা ভালো কাজের প্রলোভন দেখিয়ে এদেরকে সীমান্ত পথে ভারতে পাচার করে। ভারতের মুম্বাই শহরে যাওয়ার পর এরা আটক হয় সে দেশের পুলিশের হাতে। পরে তাদেরকে জেলখানায় সোপর্দ করা হয়। দীর্ঘদিন দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির পর ভারত সরকার তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে সম্মত হয়। ভারত সরকারের দেয়া ট্রাভেল পারমিটের মাধ্যম তরুণীরা বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফিরে এসেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তারা নিজ দায়িত্বে গন্তব্যস্থলে রওনা হবে। ফেরত আসা তরুণীদের বাড়ি যশোর, ঝিনাইদহ ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়।