‘মহাসেন’ মোকাবিলায় অর্ধলক্ষ স্বেচ্ছাসেবক
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২২:৪৬
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মহাসেন’ এর সম্ভাব্য আঘাত থেকে জান-মাল রক্ষার জন্য উপকূলীয় ১২ জেলায় ৫০ হাজার প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। এছাড়া এসব জেলায় কর্মরত সকল সরকারি-বেসরকারি আধা সরকারি কর্মকর্তাদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকতে স্ব স্ব বিভাগ ও মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয়া হয়েছে। ডিসি-এসপিদের সর্বোচ্চ সতর্ক থেকে সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে।
গতকাল সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ইত্তেফাককে এ কথা জানান। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় ইতিমধ্যে বেতারসহ সব ধরনের প্রচারমাধ্যমে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী ইতোমধ্যে গভীর সমূদ্র থেকে মাছ ধরার ট্রলারসহ জেলেদের অধিকাংশই উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে অবস্থান করছে। তবে ঝড়-জলোচ্ছ্বাসে মাছ বেশি পাওয়া যায় বলে, অনেকে সরকারি নির্দেশ না মেনে গভীর সমূদ্রে থেকে যায়। তিনি এসব জেলেদের অবিলম্বে উপকূলের তীরের ফিরে আসার আহবান জানান।
সংশ্লিষ্ট উপকূলীয় ১২ জেলার জেলা প্রশাসক ইত্তেফাককে জানান, তারা ইতিমধ্যে উপকূলের কাছাকাছি বসবাসকারী নাগরিকদের দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সাইক্লোন শেল্টারগুলোকে থাকার উপযোগী করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্যোগ পরবর্তী প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর কোন অভাব হবে না। খয়রাতি সহায়তাসহ নগদ টাকা ইত্যাদি জেলা প্রশাসনকে ইতিমধ্যে বরাদ্দ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, দুর্যোগকালে এবং পরবর্তী সহায়তায় রেড ক্রিসেন্ট, বিভিন্ন এনজিও ছাড়াও ফায়ার সাার্ভিস, আইন শৃংখলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।