গঙ্গাচড়া ও রাজারহাটে কালবৈশাখী শিলাবৃষ্টি

রবিবার রাতে রংপুরের গঙ্গাচড়ায় এবং সোমবার সকালে কুড়িগ্রামের রাজারহাটে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে দুই থেকে তিনশ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙ্গে পড়েছে। ধান, পাট, ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ চাপা পড়ে আহত হয়েছে অনেকে। খবর আমাদের নিজস্ব সংবাদদাতাদের। গঙ্গাচড়া (রংপুর):কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে রংপুরের গঙ্গাচড়ায় প্রায় ২শ’ ঘরবাড়ি পড়ে গেছে। অসংখ্য গাছপালা ভেঙ্গে গেছে। শিলাবৃষ্টিতে ধান, পাট ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। শতবর্ষী বটগাছ উপড়ে পড়ায় আহত হয়েছে ১ ব্যক্তি। রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। শিলাবৃষ্টিতে উঠতি ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধান ঝরে গেছে। পাট গাছের আগা ভেঙ্গে গেছে। অনেক ধান ও ভুট্টাক্ষেত মাটির সাথে মিশে গেছে। কৃষকরা বলছেন, এসব ধানক্ষেতে ব্যাপক চিটা হবে। সরেজমিনে বাগপুর, ধামুর, গজঘন্টা, চেংমারি এলাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এই চিত্র। বড়বিল ইউনিয়নের বাগপুর গ্রামে শতবর্ষী একটি বটগাছ উপড়ে গেছে। বুলবুল নামে এক যুবককে আহত অবস্থায় মেডিক্যালে ভর্তি করা হয়েছে। গাছ উপড়ে পড়ায় তিনটি বাড়ি চুরমার হয়ে গেছে। শিলার আঘাতে ভেঙ্গে গেছে পাট গাছের আগা। গজঘণ্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী জানান, তার এলাকায় কমপক্ষে ৫০টি বাড়িঘর ও অসংখ্য গাছপালা ভেঙ্গে গেছে। মর্ণেয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম জানান, ঐ ইউনিয়নে ২৫ পরিবারের বাড়িঘর পড়ে গেছে। অনেক গাছপালা উপড়ে ও ভেঙ্গে গেছে। বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যাওয়ায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। রাজারহাট:কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় কালবৈশাখী ঝড়ে হাজার হাজার গাছপালা, অর্ধশতাধিক ঘরবাড়ি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। আধ ঘন্টার ঝড়ে উপজেলার ৭টি ইউনিয়নে হাজার হাজার গাছপালা, শিক্ষা প্রতিষ্ঠান, অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি, বোরো ধান, পাট ও ভুট্টার ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লা বলেন, ৭টি ইউনিয়নে ৩০-৪০টি কাঁচা ঘর পড়ার এবং ব্যাপক গাছপালা ভেঙ্গে ও উপড়ে পড়ার খবর তিনি পেয়েছেন। শনিবার ঝড়ো হাওয়ার কারণে রাত ৮টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত টানা ৩১ ঘন্টা বিদ্যুিবহীন ছিল গোটা উপজেলা। মেহেরপুরে বজ পাতে গৃহবধূর মৃত্যু মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরের সাহারবাটি গ্রামে বজ পাতে শাহিদা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শাহিদার পরিবার জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্শ্ববর্তী আম বাগানে আম কুড়ানোর সময় বজ পাতে শাহিদা (৩৫) মারা যায়। লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।