হিরনকে সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী ঘোষণা

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরনকে মেয়র প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছে সম্মিলিত নাগরিক কমিটি। গতকাল সোমবার বিকালে বরিশাল ক্লাবে নির্বাচন পরিচালনার জন্য গঠিত ‘সম্মিলিত নাগরিক কমিটি’ এ ঘোষণা দেয়। ১৪ দলীয় জোটের পাশাপাশি সর্বস্তরের পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাদের নিয়ে নাগরিক কমিটি গঠন করা হয়েছে। তবে প্রধান বিরোধী দল বিএনপি এখনো তাদের তিন প্রার্থীকে নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। জেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র আহসান হাবিব কামাল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল আহসান শাহীন ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হক চান মনোনয়ন দাখিল করলেও তারা একেবারে চুপচাপ। বিএনপি’র তিন প্রার্থীর মধ্যে কারো পক্ষে-বিপক্ষে কোন মন্তব্য করতে রাজি হননি মহানগর বিএনপি’র সভাপতি মজিবর রহমান সরোয়ার এমপি। তিনি ইত্তেফাককে জানান, দল নির্বাচনে যাচ্ছে না। তাই দলীয় কোন প্রার্থী নেই। যারা নির্বাচনে অংশ নিবেন তাদের দল ত্যাগ করে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তা না হলে বহিষ্কার হতে হবে। মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরন মহাজোটসহ নাগরিক কমিটির সমর্থন পেলেও নির্বাচনী মাঠে থাকা যুবলীগের মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন সাংগঠনিক ও রাজনৈতিকভাবে তেমন কোন সমর্থন না পেলেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের মাঠে মেয়র পদে হিরন ও মামুন ছাড়া কোন প্রার্থীকে ভোট চাইতে বা প্রচারণা চালাতে দেখা যায়নি। দলের বিদ্রোহী প্রার্থী হিসাবে মাহমুদুল হক খান মামুনের নাম উঠে আসায় কেন্দ্রের পক্ষ থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ করা হয়েছে বলে দলীয় সূত্র জানায়। বিদ্রোহী প্রার্থী মামুনকে নির্বাচন থেকে বিরত রাখার জন্য সাবেক চিফ হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ চেষ্টা করছেন বলে দলীয় সূত্র জানায়। তবে হাসানাতের ফোন রিসিভ করছেন না খান মামুন। এ তথ্য জানিয়েছে দলের একাধিক নেতা। তবে মাহমুদুল হক খান মামুনকে আমলে নিচ্ছেন না দলীয় প্রার্থী শওকত হোসেন হিরন। তিনি বিএনপি’র ৩ প্রার্থীর মধ্যে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন মোকাবেলায় আসে কিনা সেদিকে সতর্ক দৃষ্টি রাখছেন। মেয়র নির্বাচনে বিএনপি’র পক্ষ থেকে অংশ না নিয়ে বয়কটের ঘোষণা দেয়া হলেও তা মানছে না কাউন্সিলর প্রার্থীরা। বিএনপি’র জেলা ও মহানগর পর্যায়ে নেতৃত্বে থাকা ও আন্দোলন-সংগ্রামের সাথে যুক্ত সক্রিয় নেতারাই অধিকাংশ ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হয়েছেন। এদের মধ্যে তিনজন সদ্য বিদায়ী প্যানেল মেয়রসহ ৩০টি ওয়ার্ডেই বিএনপি’র বহুসংখ্যক প্রার্থী কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে দলের সিদ্ধান্তহীনতায় কর্মীরা বলতে গেলে সকলেই সম্পৃক্ত হয়ে পড়েছেন স্ব-স্ব ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর পক্ষে। সম্মিলিত নাগরিক কমিটির আহ্বায়ক হয়েছেন শিক্ষাবিদ প্রফেসর মো. হানিফ। মাহবুব উদ্দিন আহমেদকে (বীর বিক্রম) সদস্য সচিব করা হয়েছে।