আজ ঢাকায় আসছেন মার্কিন দূত স্টিফেন র্যাপ
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২২:৪৭
ফের ঢাকা আসছেন মার্কিন যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র্যাপ। ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হওয়ার পর র্যাপের এটি তৃতীয় সফর। দুইদিনের সফরে আজ মঙ্গলবার তিনি ঢাকা পৌঁছবেন। কূটনৈতিকসূত্রে জানা যায়, ঢাকায় অবস্থানকালে র্যাপ যুদ্ধাপরাধের বিচারসহ বিভিন্ন বিষয়ে সরকারি কর্মকর্তা ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা ও সাক্ষাত্ করবেন। আগামীকাল বুধবার তিনি ঢাকা ছেড়ে যাবেন।
এর আগে ২০১১ সালে বাংলাদেশ সফর করেন স্টিফেন। সেই সফরে তিনি বলেছিলেন, আন্তর্জাতিক অপরাধ আইন (১৯৭৩) অনুসারে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আইনটিতে কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রাখতে হলে এ পরিবর্তন জরুরি।