রাজধানীর মোহাম্মদপুরে হেলে পড়া ভবন অপসারণের নির্দেশ
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২২:৪৮
রাজধানীর মোহাম্মদপুরে হেলে পড়া পাঁচ তলা বাড়িটি নিজ খরচে দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছে রাজউক। শের-শাহ-সুরী রোডের ৪৩ নম্বর এই বাড়িটির মালিক ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের বিরুদ্ধে গতকাল সোমবার মোহাম্মদপুর থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
গত শনিবার বিকেলে বাড়িটি পূর্ব পাশে হেলে গিয়ে পাশের একটি বাড়িতে আটকে যায়। সীমানা প্রাচীর ভেঙ্গে যায়। নানা স্থানে ফাটল ধরে। সে দিনই রাজউক পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি সোমবার রাজউকের চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন পেশ করে। তদন্ত প্রতিবেদনের আলোকে হেলে পড়া ভবন ভেঙ্গে ফেলা এবং দায়িদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় রাজউক।
তদন্ত কমিটির প্রধান রাজউকের পরিচালক (পরিকল্পনা ও নিয়ন্ত্রণ) প্রকৌশলী গোলাম মোস্তফা জানিয়েছেন, হেলে পড়া ভবনটি ত্রুটিপূর্ণ ও রাজউকের নকশা বহির্ভূতভাবে এটির নির্মাণ কাজ করা হয়েছে। রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল হুদা ইত্তেফাককে বলেন, রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বাড়ছে। রাজউক সাধ্যমত একাধিক জরিপ চালিয়ে ৭০ হাজার ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করেছে। যার মধ্যে অতিশয় ঝুঁকিপূর্ণ পাঁচ হাজার ভবন ভেঙ্গে ফেলার প্রস্তুতি নিলেও জনবল, অর্থবল ও আধুনিক সরঞ্জামাদির অভাবে তা হয়ে উঠছে না। তিনি বলেন, ইতিমধ্যে সহস্রাধিক অতিশয় ঝুঁকিপূর্ণ ভবন ভাঙ্গা হয়েছে। নতুন করে অতিশয় ঝুঁকিপূর্ণ শিল্প প্রতিষ্ঠান নিরূপণের চেষ্টা চলছে। মোহাম্মদপুরের হেলে পড়া বাড়ি সম্পর্কে প্রকৌশলী নূরুল হুদা বলেন, হেলে পড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজউকের তদন্ত টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় বাড়িটি বিপজ্জনক চিহ্নিত করে বাড়ির লোকদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে।
এদিকে গতকাল সোমবার পর্যন্ত হেলে পড়া বাড়িটি অপসারণের উদ্যোগ দেখা যায়নি। তবে বাড়িটি খালি করে ঘটনাস্থলটি লালা ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছে। বাড়ির কেয়ারটেকার মামুন-উর-রশীদ জানান, রাজউকের পাশাপাশি বুয়েটের একটি বিশেষজ্ঞ দল হেলে পড়া বাড়িটির অবস্থা খতিয়ে দেখছে। তারা ইতিমধ্যে বিভিন্ন আলামত সংগ্রহ করে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য বুয়েটে পাঠিয়েছে। বুয়েটের মতামত এলেই বাড়ি ভাঙ্গার কাজে হাত দেয়া হবে। রাজউকের মোহাম্মদপুরের দায়িত্বে থাকা অথরাইজড অফিসার হেলাল উদ্দিন আহমেদ জানিয়েছেন, ভবনটি দ্রুত ভেঙ্গে ফেলার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। ভাঙ্গার সময় যাতে আশপাশের বাসিন্দাদের কোন রকম অসুবিধা বা ক্ষতি না হয় সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।
তবে ভবনটি দ্রুত অপসারণের কোন ব্যবস্থা না হওয়ায় এলাকার মানুষ ভয়-ভীতির মধ্যে রয়েছেন। আশপাশের লোকজনও ভয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা মমতাজ উদ্দিন। তিনি বলেন, দ্রুত ভবনটি সরিয়ে নেয়া না হলে বড় ধরনের অঘটন ঘটতে পারে। এ বিষয়ে ডিএমপি’র মোহাম্মদপুর জোনের এসি মুক্তা ধর বলেন, চার তলার অনুমোদন নিয়ে পাঁচ তলা বাড়িটি নির্মাণ করা হয়েছে। যাতে কোন অঘটন না ঘটে সে জন্যে বাড়িটির চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।