মানবতাবিরোধী অপরাধ
আলীমের বিরুদ্ধে সাক্ষীকেও বৈরি ঘোষণা রাষ্ট্রপক্ষের
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২২:৪৯
সাবেক বিএনপি নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে ১৯তম সাক্ষী আবেদ হোসেনকে বৈরী ঘোষণা করেছে রাষ্ট্রপক্ষ। এ নিয়ে ট্রাইব্যুনালের দুইটি মামলায় দুইজন সাক্ষীকে বৈরী ঘোষণা করলো রাষ্ট্রপক্ষ। গতকাল সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এ আলীমের বিরুদ্ধে সাক্ষ্য দেন আবেদ হোসেন। জবানবন্দিতে তিনি বলেন, আমি একজন ভিকটিম। ১৯৭১ সালে আমিও নির্যাতনের শিকার হয়েছি। তবে ওই সময় নির্যাতন ও লুটপাটে কোন বাঙালি জড়িত ছিলেন না। ট্রাইব্যুনালের সামনে এমন বক্তব্য দেয়ার পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাস গুপ্ত তাকে বৈরী ঘোষণা করে জেরা করার অনুমতি প্রার্থনা করেন। তখন আসামীপক্ষের আইনজীবী আহসানুল হক হেনা এর বিরোধিতা করে বলেন, এতে মৌখিক আবেদন লাগে। পরে ট্রাইব্যুনাল সাক্ষীকে প্রশ্ন করার অনুমতি দিলে জেরা করা শুরু করেন রানা দাসগুপ্ত। এর আগে গত রবিবার জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে এক সাক্ষীকে বৈরী ঘোষণা করেছিলো রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলির এক প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, আব্দুল আলীমের মাধ্যমে প্রভাবিত ও বশীভূত হয়ে জবানবন্দিতে তার নাম উল্লেখ করিনি এ কথা সত্য নয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীর জেরা শেষে মামলার কার্যক্রম ২০ মে পর্যন্ত মুলতবি করে ট্রাইব্যুনাল। পরে আসামীপক্ষের আইনজীবী আহসানুল হক হেনা সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষী আবেদ হোসেন সত্য জবানবন্দি দেয়ায় তাকে বৈরী ঘোষণা করেছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে সাক্ষীকে বৈরী ঘোষণা করায় এ মামলায় কোন প্রভাব পড়বে কিনা জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাসগুপ্ত বলেন, মামলায় কোন প্রভাব পড়বে না। বরং ট্রাইব্যুনাল যদি মনে করেন সাক্ষীকে ‘বৈরী’ ঘোষণা করার যৌক্তিক কারণ আছে, তবে তা ইতিবাচকও হতে পারে। এর আগে বিএনপি নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে ১৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।