শোকজ নোটিসের জবাব দিয়েছেন বেলজিয়াম প্রবাসী জিয়াউদ্দিন

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এর সাবেক বিচারক বিচারপতি নিজামুল হকের সঙ্গে স্কাইপে কথোপকথনের মাধ্যমে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার বিষয়ে জারি করা শোকজ নোটিসের লিখিত জবাব দিয়েছেন বেলজিয়াম প্রবাসী আইন বিশেষজ্ঞ ড. আহমেদ জিয়াউদ্দিন। আগামী ১৯ মে এ বিষয়ে আদেশ দেয়া হবে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল সোমবার এ কথা জানান। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, বেলজিয়াম প্রবাসী আহমেদ জিয়াউদ্দিনের লিখিত ব্যাখ্যা ট্রাইব্যুনাল পেয়েছে। এ বিষয়ে ১৯ মে আদেশ দেয়া হবে। ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি নিজামুল হকের সঙ্গে গত বছরের ডিসেম্বরে আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপ কথোপকথন নিয়ে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আমার দেশ। এরপর গত বছরের ১১ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন নিজামুল হক। পরে দুটি ট্রাইব্যুনালই পুনর্গঠন করা হয়। এরপর গত ৩ জানুয়ারি ট্রাইব্যুনাল-২ স্বত:প্রণোদিত হয়ে আইন বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিনের বিরুদ্ধে রুল জারি করে। ট্রাইব্যুনালের আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে অর্থাত্ ১৪ ফেব্রুয়ারির মধ্যে জিয়াউদ্দিনকে এর জবাব দিতে বলা হয়। এ বিষয়ে পরে জিয়াউদ্দিন ৮ সপ্তাহের সময় চেয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস্স্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আবেদন করলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদনটি ট্রাইব্যুনালে পৌঁছায়। এ আবেদনের ভিত্তিতে আরও ১০ সপ্তাহের সময় দিয়ে ৩০ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল শোকজ নোটিসের জবাব দিতে জিয়াউদ্দিনকে নির্দেশ দিয়েছিল। গত ৩০ এপ্রিল ট্রাইব্যুনাল জিয়াউদ্দিনের বিরুদ্ধে জারি করা শোকজ নোটিসের জবাব সংগ্রহ করে জমা দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়। নির্দেশ অনুযায়ী ট্রাইব্যুনালে জবাব জমা দেয়া হয়। জেরা করেনি সালাউদ্দিন কাদেরের আইনজীবী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এমপির বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ৩৪তম সাক্ষী দ্বিজয় কৃঞ্চ চৌধুরী। তবে জবানবন্দিতে সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে কোনো বক্তব্য না থাকায় তাকে আসামিপক্ষ জেরা করেনি। বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ গতকাল এ জবানবন্দি গ্রহণ করা হয়। পরবর্তী সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য আগামী ১৫ মে বুধবার ট্রাইব্যুনাল ধার্য করেছে।