কালকিনি থানায় বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ৩ র্যাব সদস্য আহত
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২২:৫২
২ মাস আগে উদ্ধার করা ১৫টি হাতবোমা কালকিনি থানায় নিষ্ক্রিয় করতে গিয়ে গতকাল সোমবার ৩ র্যাব সদস্য আহত হয়েছেন। তারা হলেন র্যাব-৮ এর সার্জন ইকবাল হোসেন (৪০), লে. কর্পোরাল মোস্তফা (৪৩) ও কর্পোরাল মোসারফ হোসেন (২৭)। প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা আশংকাজনক হওয়ায় ইকবাল হোসেন ও মোস্তফাকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, হাতবোমাগুলো গত ২ মাস আগে উপজেলার সাহেবরামপুর এলাকার একটি বাগান থেকে উদ্ধার করা হয়। সেগুলো নিষ্ক্রিয় করতে র্যাবের অভিজ্ঞ টিম গতকাল থানায় আসে। থানার পুকুর ঘাটে ১৫টি বোমার মধ্যে ৮টি নিষ্ক্রিয় করার পরে হঠাত্ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। হাতবোমাগুলোর স্প্লিন্টারের আঘাতে র্যাব সদস্যরা আহত হন।