নওয়াজ শরীফের দলে যোগ দিচ্ছেন স্বতন্ত্র এমপিরা
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২২:৫৫
পাকিস্তানে একজন সফল রাজনীতিবিদ হিসাবে ইতিহাস সৃষ্টি করলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। দীর্ঘ ১৪ বছর পর তৃতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রীর আসনে বসছেন তিনি। বেসরকারি ফলাফলে তার দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাকে কারো না কারো সহযোগিতা নিয়েই সরকার গঠন করতে হবে। আর এ কারণে নির্বাচনে জয়ী স্বতন্ত্র অনেক প্রার্থী তার দলে যোগ দিচ্ছেন। এদিকে নওয়াজ শরীফ জানিয়েছেন, তিনি তার শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ জানাবেন। নওয়াজ শরীফকে অভিন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। খবর বিবিসি, রয়টার্স এবং ডন-এর।
বেসরকারি ফলাফলের ভিত্তিতে ডন জানায়, ৩৭২ আসনের জাতীয় পরিষদে ২৭২টি আসনে সরাসরি নির্বাচন হয়। এর মধ্যে পিএমএল-এন পেয়েছে ১২৬টি আসন। এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি। নওয়াজ শরীফের দল পাঞ্জাব প্রদেশেই ১১৮টি আসন লাভ করেছে। এছাড়া সিন্ধু প্রদেশ থেকে একটি, খাইবার পাখতুনখাওয়া থেকে ৪টি, এফএটিএ থেকে দুটি এবং ইসলামাবাদে দুটি আসনে জয়লাভ করেছে পিএমএল (এন)। দলটি বেলুচিস্তান থেকে কোনো আসনে জয় পায়নি। সদ্য ক্ষমতা থেকে বিদায় নেয়া পাকিস্তান পিপল্স পার্টি (পিপিপি) পেয়েছে ৩১টি আসন এবং সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পেয়েছে ২৯টি আসন। একটি আসনের নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। চারটি আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। মুত্তাহিদা কাওমি মুভমেন্ট (এমকিউএম) পেয়েছে ১৮টি। স্বতন্ত্র প্রার্থীরা ২৯টি আসনে জয়লাভ করেছে। জিইউআইএফ পেয়েছে ১১টি আসন। সাবেক প্রেসিডেন্ট মোশাররফের দল নির্বাচন বয়কট করলেও একটি আসনে জয় পেয়েছে।
তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে নওয়াজ শরীফকে জঙ্গিবাদ, দুর্নীতি, বিদ্যুত্ বিভ্রাট ও অবকাঠামো খাতসহ নানা সমস্যা মোকাবেলা করতে হবে। বিশেষ করে অর্থনীতিকে শক্তিশালী করতে তিনি দ্রুত পদক্ষেপ নিবেন। তাকে ভোট দেয়ার পেছনে এটা একটা কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তানিরা তাকে একজন বিজ্ঞ রাজনীতিবিদ হিসাবেই দেখছেন। একশ দিনের কর্মসূচিতে সন্ত্রাসবাদ এবং অর্থনীতিকে গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন নওয়াজ। এছাড়া পিপিপি বিরোধী দলে থাকলে পার্লামেন্টে নওয়াজকে প্রতিরোধের মুখে পড়তে হতে পারে। আর নতুন করে শক্তিশালী হয়ে ওঠা পিটিআইকেও মোকাবেলা করতে হবে।
নওয়াজ শরীফের দলে যেসব স্বতন্ত্র প্রার্থী যোগ দিচ্ছেন তাদের মধ্যে রয়েছেন মোজাফফরগড়-৩ আসনের জামসেদ দোস্তি, মান্দি বাহাউদ্দিন-১ আসনে জয়ী ইজাজ আহমেদ চৌধুরী, বিহারি-৩ আসনের তাহির ইকবাল চৌধুরীসহ অনেকে।
নওয়াজ শরীফ গতকাল রবিবার লাহোরে তার বাসভবনে বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে তার সরকার। তিনি তার প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে মনমোহন সিংকে আমন্ত্রণ জানাবেন। এর আগে ভারতের এনডিটিভির সঙ্গে সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, ভারত আমন্ত্রণ না জানালেও তিনি ভারত সফর করবেন। শনিবারই মনমোহন সিং নওয়াজকে অভিনন্দন জানিয়েছিলেন।
প্রেসিডেন্ট জারদারি গতকাল নওয়াজ শরীফের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। জারদারি আশা প্রকাশ করে বলেন, নওয়াজের আমলে গণতন্ত্র আরো শক্তিশালী হবে বলে তিনি মনে করেন। তবে পিএমএল (এন) এর মুখপাত্র নওয়াজকে জারদারির টেলিফোনের বিষয়টি অস্বীকার করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নওয়াজ শরীফকে অভিনন্দন জানিয়ে বলেছেন, পাকিস্তানের গণতন্ত্রের জন্য জাতীয় এবং প্রাদেশিক নির্বাচন এক গুরত্বপূর্ণ দিক। এই নির্বাচনে পাকিস্তানি জনগণ সহিংসপূর্ণ চরমপন্থীদের বিরুদ্ধে নীরবে জবাব দিয়েছে। পাকিস্তান এবং এই অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে নওয়াজ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও নওয়াজ শরীফের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গিকার করেন।