জাতিসংঘের উদ্যোগে সংকট কাটবে

দেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রত্যাশা ব্যক্ত করেছেন যে, এর মধ্য দিয়েই সমাধানের পথ বের হয়ে আসবে। আলাপ আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে। সফররত জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অসকার ফার্নান্দেজ তারানকো গতকাল সোমবার বিকালে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে তার সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠককালে জাতিসংঘের পক্ষ থেকে উদ্যোগ নেয়ায় তারানকো ও জাতিসংঘের মহাসচিবকে ধন্যবাদ জানান। বেলা পৌনে ২টা দিকে বৈঠক শুরু হয়ে সাড়ে তিনটায় শেষ হয়। বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী সাংবাদিকদের জানান, আলোচনা হয়েছে সংকট উত্তরণের নানা দিক নিয়ে। সরকারের অসহযোগিতামূলক এবং নিবর্তনমূলক আচরণ সম্পর্কে কথা হয়েছে। শমসের মবিন চৌধুরী জানান, বিএনপি চেয়ারপারসন ও জাতিসংঘের সহকারি মহাসচিব দুজনেই আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আলাপআলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধান বের হয়ে আসবে। বৈঠকে উপস্থিত অপর একজন নেতা জানান, বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধ ও দুই নেত্রীর ঐক্যমতের ভিত্তিতে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে হতে পারে তা নিয়েই মূলত আলোচনা হয়েছে। বেগম জিয়া বলেছেন, দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন হলে তাতে বিএনপিসহ কোন দল অংশ নেবে না। সংকট বাড়বে। তত্ত্বাবধায়ক শব্দ নিয়ে সরকারি দলের কোন এলার্জি থাকলে অন্য যে কোন নাম তারা ব্যবহার করতে পারেন। তবে নির্দলীয় সরকার হতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনকালীন মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বৈঠকে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, ড. ওসমান ফারুক, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও জয়নুল আবদিন ফারুক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শুক্রবার অসকার ফার্নান্দেজ তারানকোর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। শনিবার সন্ধ্যায় তিনি গুলশানে খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে প্রথম বৈঠক করেন । আর গতকাল করলেন দ্বিতীয়বার।