আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বৈধ করার নির্দেশ
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২২:৫৮
আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বৈধ করা শুরু হয়েছে। তবে এ বিষয়ে গ্রাহককেই তথ্য জানাতে হবে। নিজেকেই স্বীকার করতে হবে তার বাসায় অবৈধ গ্যাস সংযোগ আছে। এ তথ্য জানাতে হবে চলতি মে মাসের ৩০ তারিখের মধ্যে। গ্রাহকের তথ্য এবং বাস্তবতা পর্যালোচনা করে সংযোগ বৈধ করা হবে। পরে আর কাউকে এ সুযোগ দেয়া হবে না।
একই সাথে আজ মঙ্গলবার থেকে জমা নেয়া হবে নতুন গ্যাস সংযোগের জন্য আবেদন। স্থানীয় গ্যাস সরবরাহ কার্যালয় থেকে নির্দিষ্ট ছকে আগের নিয়মে আবেদন করতে হবে। তবে যারা চাহিদাপত্র আগে থেকে নিয়ে রেখেছেন তাদের সংযোগ আগে দেয়া হবে। পরে পর্যায়ক্রমে ক্রমিক অনুসারে সংযোগ পাবে গ্রাহকরা। যেসব এলাকায় সরবরাহ লাইন নেই সেসব এলাকায় গ্যাস দেয়া হবে না। সোমবার পেট্রোবাংলায় অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পেট্রোবাংলার পরিচালক ও বিতরণ কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হোসেন মনসুর ইত্তেফাককে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা নতুন গ্যাস সংযোগ দেয়া শুরু করছি। মঙ্গলবার থেকে নতুন সংযোগের জন্য আবেদন জমা নেয়া হবে। যেসব এলাকায় বিতরণ লাইন আছে, কিংবা যে বাসায় আগে থেকে লাইন আছে তাদের বাড়তি সংযোগ দরকার কিংবা লোড বাড়ানো প্রয়োজন তাদের সংযোগ দেয়া হবে। নতুন করে কোন এলাকায় সরবরাহ লাইন করা হবে না। চেয়ারম্যান বলেন, গ্যাস সংযোগ যতদিন বন্ধ ছিল ততদিন অনেকে অবৈধ সংযোগ নিয়েছে। অনেকে গ্যাসের চাহিদা ইচ্ছেমত বাড়িয়ে নিয়েছেন। তাদেরকে একবার সুযোগ দেয়া হচ্ছে। আগামী ৩০ মে-এর মধ্যে এসব অবৈধ গ্রাহকদের তথ্য আঞ্চলিক গ্যাস সরবরাহ কার্যালয়ে নির্দিষ্ট ফরমের মাধ্যমে জানাতে হবে। এই সময়ের মধ্যে যারা নিজ উদ্যোগে তথ্য দেবে না তাদেরকে আর কোনোদিন সুযোগ দেয়া হবে না। নতুন সংযোগের জন্য আাাবেদন নেয়া এবং অবৈধ সংযোগকে বৈধ করার কাজ একসাথে চলতে থাকবে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবাসিক গ্রাহকদের নতুন করে গ্যাস সংযোগ দেয়ার অনুমতি দেয়ার পর পেট্রোবাংলা গতকাল এই উদ্যোগ নিয়েছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, পাঁচটি বিতরণ কোম্পানির কাছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এক লাখ ১১ হাজার ৭৪৬টি নতুন সংযোগের জন্য আবেদন জমা আছে। এরমধ্যে আবাসিকের জন্য আবেদন জমা আছে এক লাখ ১০ হাজার ২৫২টি। গ্যাস সংযোগ দেয়া বন্ধ থাকলেও প্রতিনিয়ত সংযোগ দিয়ে গেছে প্রায় সকল বিতরণ কোম্পানি। শুধু ২০১২-১৩ অর্থ বছরেই ১০ হাজার ৬৮৮টি সংযোগ দেয়া হয়েছে। এরমধ্যে আবাসিক সংযোগ দেয়া হয়েছে ১০ হাজার ৫৯১টি। আর ২০১১-১২ অর্থ বছরে সংযোগ দেয়া হয়েছিল ১৩ হাজার ১৪৫টি। যার মধ্যে আবাসিক গ্রাহকদের ১২ হাজার ৯৭৯টি। পেট্রোবাংলা সূত্র জানায়, আবাসিক খাতে নতুন সংযোগ বন্ধ ঘোষণার সময় আবেদনকারী ছিলেন প্রায় এক লাখ ৪৮ হাজার। এর মধ্যে ৫৭ হাজার ৪১৪টি নতুন সংযোগ দেয়া হয়েছে। ওই গ্রাহকেরা ব্যাংকে নিয়মিত বিলও জমা দিচ্ছেন। কিন্তু সেই টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে না। ২০০৯ সালের ২১ জুলাই শিল্প ও বাণিজ্যিক এবং ২০১০ সালের ১৩ জুলাই আবাসিক খাতে নতুন গ্যাস-সংযোগ দেয়া বন্ধ ঘোষণা করা হয়। একটি বিশেষ কমিটি গঠন করে এতদিন শুধু শিল্পে কিছু সংযোগ দেয়া হয়েছে। কিন্তু আবাসিক গ্রাহকদের গ্যাস দেয়া হয়নি। যদিও অবৈধভাবে এই সময়ে প্রচুর গ্যাস সংযোগ দেয়া হয়েছে। গ্যাস সংযোগ বন্ধ হওয়ার সময় বলা হয়েছিল দৈনিক ২২০ কোটি ঘনফুট গ্যাস উত্পাদন শুরু হলে আবাসিক গ্রাহকদের নতুন সংযোগ দেয়া হবে। গতবছর মাঝামাঝি সময়ে পেট্রোবাংলা দৈনিক ২২০ কোটি ঘনফুট গ্যাস উত্পাদন করা শুরু করে। এর আগে দৈনিক গড়ে ১৭০ থেকে ১৯০ কোটি ঘনফুট গ্যাস উত্পাদন করা হতো।