আগারগাঁওয়ে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত

রাজধানীর আগারগাঁওয়ে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আশরাফ আলী (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে র্যাবের একটি চেকপোস্টে এ ঘটনা ঘটে। র্যাবের ধারণা, নিহত ব্যক্তি মাদক ব্যবসায় যুক্ত ছিলেন। ঘটনাস্থল থেকে ৪৯৭ বোতল ফেনসিডিল, একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

র্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, মাদকের একটি চালান ধরতে মঙ্গলবার রাতে আগারগাঁওসহ কয়েকটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। গতকাল ভোরে সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামার নির্দেশ দিলে গাড়িতে থাকা একজন র্যাব সদস্যদের দিকে গুলি ছুড়তে শুরু করেন। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। গাড়ির চালক নেমে পালিয়ে যান। পরে গাড়ির ভেতর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। গাড়িতে পাওয়া পরিচয়পত্র অনুযায়ী তার নাম আশরাফ আলী। বাবার নাম দানেশ মিয়া। মুন্সীগঞ্জের গজারিয়ার রায়পাড়ায় তার বাড়ি।