তোমাদের চিঠি থেকে
প্রকাশ : ১৪ মে ২০১৩, ১৭:৪২
প্রিয় বন্ধুরা,
কচি-কাঁচার আসরের সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা। সাভারের রানা প্লাজা ধসে পড়ায় অনেক শ্রমিক হতাহত হয়েছে। অনেক প্রাণ অকালে ঝরে পড়েছে। ভেঙ্গে-চুরে গেছে অনেক পরিবার। কেউ হারাল বাবা-মা, কেউ হারাল স্বামী-স্ত্রী, কেউ হারাল ভাই-বোন এবং কেউ হারাল তার একমাত্র আদরের সন্তান। সাভারে পড়ে গেছে কান্নার রোল। বাতাস হয়ে গেছে ভারি। সারা দেশে পড়ে গেছে শোকের মাতম। এ দৃশ্য নিজ চোখে দেখতে পারিনি। তবে টেলিভিশনে আর পত্রিকার দেখেই আমার চোখে জল এসে যায়। যারা মারা গেছেন তাদের মাগফেরাত কামনা করি।
মো. শরিফুল ইসলাম, সদস্য নম্বর: ১৯২৩
লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজ, টাঙ্গাইল।
প্রিয় কচি-কাঁচার বন্ধুরা,
আশা করি সকলেই খুব ভাল আছ। আসছে এগারো জ্যৈষ্ঠ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শুভ জন্মদিন। তাঁর জন্মদিন উদ্দেশ্য করেই আমার এই চিঠি লেখা। আমার প্রিয় কবি, লেখক, সাহিত্যিক এবং প্রিয় ব্যক্তি কাজী নজরুল ইসলাম। নজরুল একাধারে বিদ্রোহী কবি, সাম্যের কবি ও গরিবের কবি। তিনি দুঃখ-কষ্টে সারাটি জীবন অতিবাহিত করেছেন। তিনি দেশ-মাতৃকার টানে সৈনিক হয়েছেন। তার বীরত্বব্যঞ্জক কবিতা, গান আমার মনকে আকৃষ্ট করে। কবি নজরুলকে নিয়ে আমার লেখা একটি কবিতা পাঠালাম কচি-কাঁচার আসরকে। আশা করি আমার লেখা কবিতা আসরের পাতায় ছাপা হবে। আমার এই লেখা চিঠি চিঠিপত্র বিভাগে ছাপালেও অনেক খুশি হব। আমি তোমাদের একজন নিয়মিত পাঠক। তোমাদের আসরের বন্ধু।
কখনো তুমি সাম্যের কবি কখনো প্রতিবাদী,
ততদিন তুমি হূদয়ে রবে যতদিন বইবে নদী\
দারিদ্র্যের কাছে মাথা নত করনি দারিদ্র্যকে করেছ জয়,
যুদ্ধে গেছো সেই কবে মৃত্যুকে করনি ভয়্্্্্্\
শিকল ভাঙার গান করেছ গেয়েছো মানুষের জয়গান,
রক্তঝরা লেখনী দিয়ে তুমি করেছ মানবতার আহ্বান\
মো. খায়রুল ইসলাম
সদস্য নম্বর: ৩২০১, ঘাটাইল, টাংগাইল।
ছোট্ট বন্ধুরা,
আশা করি তোমরা ভাল আছো। আমিও ভাল আছি। যাক পর কথা হলো এখন কিন্তু গরমকাল। তোমরা রোদে বেশি ঘোরাঘুরি করবে না। কারণ এসময় অনেক জ্বর ও পেটের পীড়া হয়ে থাকে। তাই খাবারসহ সকল কিছু নিয়মিত করতে চেষ্টা করো। আগামী মাসে কিন্তু অর্ধ-বার্ষিকী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করতে চেষ্টা করো। তোমরা খেলাধুলা করো, গান-বাজনা করো, যাই করো না কেন তা যেন লেখাপড়া বন্ধ করে করা না হয়। লেখাপড়া ঠিকমত করে অন্যসব করবে। আর বাবা-মাসহ সকল মুরুব্বীকে সম্মান করবে। দেখবে নিজের কাছে যেমন ভাল লাগবে তারাও তোমাকে আদর করবে এবং ভালবাসবে। আর তাদের ভালবাসায় তোমরাও জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। সামনে আবার আসছে মধুমাস। এ মধুমাসে তোমরা ফরমালিনমুক্ত খাবার খেতে চেষ্টা করবে। ফল খাবার পূর্বে প্রতিটা ফল অন্তত ৩০ মিনিট ভিজিয়ে রাখবে। দেখবে এতে ফরমালিনমুক্ত হবে। আজ আর বেশি কিছু লিখলাম না।
কানিজ ফাতেমা দোলা, সদস্য নম্বর: ৩২০৯
শেরে বাংলা নগর সরকারি বালিকা বিদ্যালয়, ঢাকা।
আসরের বন্ধুরা,
নিশ্চয়ই কারো মন ভালো নেই। রানা প্লাজার ধসে আমাদের অনেক আপনজনের মৃত্যুতে আমরা সবাই শোকাহত। সারাদেশ আজ শোকে মাতম। কারো হাত কাটা পড়লো তো কারো পা, কেউ কেউ হয়ে গেল সারাজীবনের মতো অক্ষম। যারা পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিল তারাই আজ হলো পরিবারের বোঝা। হয়তোবা কেউ এখনও হাসপাতাল থেকে ছুটিই পায়নি। তাতেই তাদের ভবিষ্যত্ অন্ধকার। চিন্তা শুধু কিভাবে কাটবে বাকি জীবনটা। সেসব অসহায় মানুষকে নিয়ে আমার আজকের কবিতা:
রানা প্লাজা
বাংলাদেমের মাটি কাঁপল রানা প্লাজার ধসে,
জীবন নিয়ে করলো খেলা টাকার লোভের বশে।
এ ঘটনায় সবাই মুছেছে সবার চোখের জল,
কাঁদছে সন্তানহারা পিতা-মাতা অবিরল।
কেউ হারালো হাত দুটো তার কেউ হারাল পা,
ভাবছে শুধু কেমন করে কাটবে জীবনটা।
রিতু পারভীন
সদস্য নং ৩০৮১, ছাতক, সুনামগঞ্জ।