ঢাকা ওয়াসার কোন কোন এলাকার পানি সবচেয়ে বেশি অনিরাপদ তা জানতে চেয়েছেন হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। আগামী ১৩ মে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। আদালতে রিটের পক্ষে ব্যারিস্টার তানভীর আহমেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষে একটি অগ্রগতি প্রতিবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষ। ওই প্রতিবেদনে পানি পরীক্ষায় কমিটি গঠন ও কমিটির কার্যপরিধি তুলে ধরা হয়। এছাড়া ওয়াসাকে ১১টি জোনে ভাগ করে পানি পরীক্ষার কথা বলা হয়। পাশাপাশি অর্থ বরাদ্দ হলে ৪ মাসের মধ্যে পানি পরীক্ষার প্রতিবেদন পাওয়া যেতে পারে। এরপরই হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন বলে জানান রিটকারী আইনজীবী।