বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে
প্রকাশ : ১৪ মে ২০১৩, ১৭:৪৭
অষ্টম নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের উপযোগি আজকের ভাবসম্প্রসারণটি তৈরি করেছেন
আব্দুল্লাহ আল মামুন
সৃষ্টিজগতে সবকিছুই নিজ নিজ পরিবেশ ও পারিপার্শ্বিকতায় স্বাভাবিক সৌন্দর্যে অনুপমতা পায়। পরিবেশের সাথে থাকে তার স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যময় সম্পর্ক। পরিবেশগত বৈশিষ্ট্যের অনুষঙ্গেই বিকশিত হয় তার স্বাভাবিক বৈশিষ্ট্য। পরিবেশ বিচ্ছিন্ন হলে তার সে স্বাভাবিক সৌন্দর্য ম্ল¬ান হয়ে যায়।
মানবজীবনে পরিবেশের প্রভাব অসামান্য। বিচিত্র পরিবেশ মানবজীবনে ফেলেছে বৈচিত্র্যময় প্রভাব। অরণ্যচারী মানুষ আরণ্যক জীবনেই পায় স্বতঃস্ফূর্ত স্বাচ্ছন্দ্য। পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজস্ব পন্থায় তারা প্রকৃতির সাথে জীবন পদ্ধতি ও সংস্কৃতি গড়ে তুলে। তাদের জীবন সংস্কৃতি গড়ে ওঠে আরণ্যক পরিবেশের সাথে যোগসূত্র ও সঙ্গতি রেখে। অরণ্যলালিত সহজ-সরল অনাড়ম্বর জীবনেই তারা পরিতৃপ্ত। প্রাকৃতিক পরিবেশেই এরা মানানসই। আলো-জলমল নাগরিক পরিবেশে এরা স্বাভাবিক স্বাচ্ছন্দ্য ও সৌন্দর্য হারায়; পরিবেশের সাথে হয় বেমানান। আরণ্যক পটভূমিতেই অরণ্যচারী মানুষের সৌন্দর্য পায় সর্বাধিক সুষমা। শিশুর সৌন্দর্যও সর্বাধিক মহিমা পায় মায়ের কোলে। মায়ের কোল শিশুর নিরাপদ আশ্রয়স্থল। শিশু তার মাতৃসান্নিধ্যে পায় অনুপম স্নেহ। মায়ের কোল থেকে শিশুকে বিচ্ছিন্ন করা হলে সে কেবল সৌন্দর্য হারায় না, বরং নিরাপদ আশ্রয়চ্যুত হওয়ার শংকা ও অনিশ্চয়তায় তার মুখে বেদনার ছাপ পড়ে। এমনিভাবে স্বাভাবিক জীবন পরিবেশ থেকে বিচ্ছিন্ন হলে প্রতিটি প্রাণীই তার স্বাভাবিক সৌন্দর্য হারায়। জীবনের সাথে পরিবেশের যোগ যেমন অবিচ্ছিন্ন তেমনি স্ব-স্ব পরিবেশের পটভূমিতেই জীবসত্তা পায় স্বাভাবিক সৌন্দর্য ও অনুপম বৈশিষ্ট্য। তা না হলে কেবল অসংগতি ঘটে না, অনেক সময় তা দৃষ্টিকটু হয়ে ওঠে।
পরিবেশ ও প্রাকৃতিক সম্পর্ক প্রতি প্রাণীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক প্রাণীই তার নিজ নিজ পরিবেশে থাকে তৃপ্ত। কোন প্রাণীকে যদি তার পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় তবে সে হারায় তার আসল সৌন্দর্য।