মেধাবীদের গল্প
ভালো মানুষ হতে
চায় জেসমিন
প্রকাশ : ১৪ মে ২০১৩, ১৭:৪৯
সৈয়দা জেসমিন নাহিদ। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে। বরিশালের এই মেয়েটি আদরে আদরে বড় হয়েছেন। বাবা এমএ আজিজ এবং মা সেলিনা বেগমের দ্বিতীয় সন্তান জেসমিন। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় বরাবরই কৃতিত্বের সঙ্গে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন জেসমিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসিতে প্রথম শ্রেণি পেয়ে কৃতিত্বের সঙ্গে পাস করেন। ২০০৫-০৬ শিক্ষাবর্ষে সুযোগ পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। অনার্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। মাস্টার্সে হয়েছেন প্রথম শ্রেণিতে তৃতীয়।
পড়াশোনা ও ভালো রেজাল্ট নিয়ে জেসমিন বলেন, সব সময় শিক্ষকদের ক্লাস লেকচার মনোযোগ দিয়ে শুনতাম। এছাড়া আমি মনে করি পড়াশোনায় অনেক বেশি সময় দেয়ার চেয়ে মনোযোগ দিয়ে যতক্ষণ পড়া যায় সেটাই বেশি লাভজনক। ভালো ফলাফলের জন্য প্রেরণা পেয়েছেন মা ও শিক্ষকদের কাছ থেকে। ভালো ফলাফলের ক্ষেত্রে গ্রুপ করে পড়াশোনা কার্যকরী ভূমিকা রাখে বলে সে জানায়।
জেসমিন বলেন, মানুষের জীবনে অনেক স্বপ্নই থাকে। তবে একজন ভালো মানুষ হওয়া অনেক গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত একজন ভালো মানুষ হতে চাই। বিশ্বাস করি সামনে এগিয়ে যাবার জন্য দরকার আত্মবিশ্বাস। মন থেকে চাইলে সব পাওয়া যায় বলে মনে করে সে। জেসমিন আরও জানায়, একটা ভাল কিছু সব সময়ই ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ভাল কিছুর সমষ্টি। সব চেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষকদের লেকচার শুনে সে অনুসারে নোট করা, প্রয়োজনীয় আপডেটসহ তা বার বার চর্চা করা।