চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়

চাঁদে যাবে বাংলাদেশের রোবট!

৪৫ বছর আগের কথা। রহস্যে ভরা চাঁদে নেমেছিল মানুষ। সেই উত্তেজনা এখনো শেষ হয়ে যায়নি। গবেষণার অংশ হিসেবে নাসা প্রতিবছর আয়োজন করছে চন্দ্রপৃষ্ঠে অবতরণ উপযোগী রোবট নির্মাণ প্রতিযোগিতা। এ বছর এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে নির্মিত রোবট ‘চুয়েট টার্মিনেটর’। চলতি মাসের ২০ থেকে ২৪ তারিখে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)-এর কেনেডি স্পেস সেন্টারে ‘লুনাবোটিকস মাইনিং কম্পিটিশন’ শিরোনামের এই প্রতিযোগিতাটি হবে। রোবট নির্মাণ দলে আছেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ লেভেলের ছাত্র শায়েখ আহমেদ ও রিফাত মাহমুদ, যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ লেভেলের ছাত্রী রিনি ঈশান খুশবু এবং যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় লেভেলের ছাত্র নাহিন বাহার চৌধুরী। রোবট নির্মাণ দলের টিম লিডার যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক এ প্রসঙ্গে বলেন, ‘একদল তরুণ এবং অসম্ভব মেধাবী ছেলে-মেয়েদের সঙ্গে কাজ করতে পেরে আমি খুশি। এমনও দিন গেছে সারারাত কাজ করেছি। ভালো কিছু হবে আশা করছি।’ দলের সদস্য যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ লেভেলের ছাত্রী রিনি ঈশান খুশবু বলেন, ‘শহর থেকে আমাদের ক্যাম্পাস একটু দূরে। তাই ছোট অনেক যন্ত্রাংশের জন্য শহরে যেতে হয়েছে। তবে আমরা নাসার নির্দেশনা অনুযায়ী কাজটি করেছি।’ রোবটটির ওজন প্রায় ২৭ কিলোগ্রাম। চাঁদে চলাচলের উপযোগী হিসেবে তৈরি করার কারণে এটি চলার পথে পাথর বা শক্ত মাটির ঢিবি থাকলেও তা সহজেই অতিক্রম করতে পারে। দূর নিয়ন্ত্রিত রোবটটির চারটি চাকার কোনোটি গর্তে পড়ে গেলেও বাধা অতিক্রম করে তা উঠে আসতে সক্ষম। এ ছাড়া এটি চন্দ্রপৃষ্ঠের বালি ও পাথর সংগ্রহ করে একটি নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে পারবে বলে জানান নির্মাতারা। নাসার নির্দেশনা অনুযায়ী রোবটটি তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। লুনাবোটিকস মাইনিং কম্পিটিশনের জন্য নাসার কেনেডি স্পেস সেন্টারে তৈরি করা হয়েছে কৃত্রিম চন্দ্রপৃষ্ঠের পরিবেশ। যেখানে চাঁদের বালুর আদলে তৈরি করা হয়েছে একটি জায়গা, সেখান থেকেই বালু তুলে আনতে হবে রোবটের মাধ্যমে। অস্ট্রেলিয়া, কানাডা, কলাম্বিয়া, পোল্যান্ড, মেক্সিকো ও ভারতসহ ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত ও উত্সাহিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জানা গেছে, রোবট নিয়ে গবেষণায় সামপ্রতিক সময়ে বেশ কিছু সাফল্য অর্জন করেছে চুয়েট। এই বিশ্ববিদ্যালয়ে ২০১১ সালের ডিসেম্বরে দেশের প্রথম রোবট দৌড় প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করা হয়। এছাড়া সমপ্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৬টি দলকে পেছনে ফেলে রোবটিক চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয় চুয়েটের রোবো-মেকাট্রোনিকস অ্যাসোসিয়েশনের ডিসেপটিকনস দল। দলটি সমপ্রতি ভারতের কানপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিকস চ্যালেঞ্জেও কৃতিত্বের সঙ্গে অংশ নেয়।