চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস নিয়ে টেলিফিল্ম ‘লাভ ইন শাটল ট্রেন’
প্রকাশ : ১৪ মে ২০১৩, ১৭:৫২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে তৈরি হয়েছে টেলিফিল্ম ‘লাভ ইন শাটল ট্রেন’। অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা, গায়ক— সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। পরিচালক সোহেল রহমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তিনি জানালেন, পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাস, শাটল ট্রেন আর ঝুপড়ি দোকানের আড্ডা— ক্যাম্পাস জীবন শেষে এসবই জড়িয়ে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। এ মুহূর্তগুলোকেই বন্দী করা হয়েছে সেলুলয়েডে। টেলিফিল্মে শান্তার চরিত্রে অভিনয় করেছেন নাট্যকলার প্রথম বর্ষের ছাত্রী রিশিকা। ফার্স্ট ইয়ারেই টেলিফিল্মের প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি খুব খুশি, ‘মনেই হয়নি শুটিং করছি। মনে হয়েছে, যেন ঘুরে বেড়াচ্ছি চেনা ক্যাম্পাসে। কাজের ফাঁকে খুব মজা করেছি বন্ধুদের সঙ্গে।’ সানি চরিত্রে অভিনয় করেছেন নাট্যকলার ছাত্র রক্তিম জিহাদ। তিনি পড়েন নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষে। শুটিংয়ের শুরুতে একটু নার্ভাস ছিলাম উল্লেখ করে জিহাদ বলেন, ‘প্রথমবার দাঁড়িয়েছি ক্যামেরার সামনে। তাই কেমন যেন লাগছিল। তবে সবাই খুব সাহায্য করেছেন।’ টেলিফিল্মের গানে কণ্ঠ দিয়েছেন ইংরেজির ছাত্র এবং ক্যাম্পাসের ব্যান্ড ‘অদেখা’র ভোকাল নাদিম। একমাস টেলিফিল্মের শুটিং হয়েছে শাটল ট্রেনসহ ক্যাম্পাসের বিভিন্ন লোকেশনে। এখন চলছে সম্পাদনা। পরিচালক সোহেল রহমান জানালেন, পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয়ে দেখানো হবে টেলি ছবিটি। ইচ্ছা আছে টেলিভিশনে জমা দেয়ারও। টেলিফিল্ম ‘লাভ ইন শাটল ট্রেনে’র গল্প অনেকটা এরকম— সানি গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সহপাঠী শিপুর সঙ্গে থাকেন চট্টগ্রাম শহরের এক মেসে। আরেক রুমমেট মিঠুনের বদৌলতে সানিও যুক্ত হয়ে পড়েন রাজনীতিতে। শাটল ট্রেনে চেপে শহর থেকে প্রতিদিন ক্যাম্পাসে আসা-যাওয়া করতে গিয়ে দেখা হয়ে যায় শান্তার সঙ্গে। প্রথম দেখাতেই ভালো লেগে যায় মেয়েটিকে। নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে দাঁড়িয়ে যায় প্রেমটা। তবে শান্তা শর্ত দেন— রাজনীতি ছাড়তে হবে। একদিকে রাজনীতি, অন্যদিকে ভালোবাসা- শুরু হয় টানাপোড়েন। ভালোবাসার টানে রাজনীতি ছেড়ে দেন সানি। কিন্তু শেষরক্ষা হয় না। ছাত্র রাজনীতির নির্মমতার শিকার হয়ে মারা যান সানি।