টানাটানির আইরিন

চলচ্চিত্রে গ্রহণযোগ্যতা পেতে অভিনয় দক্ষতা, সুশ্রী বা বুদ্ধিমত্তার পাশাপাশি বোধকরি ভাগ্যের সহায়তাও থাকতে হয়। সেই ভাগ্যদেবীই এখন আইরিনের ভ্যানিটি ব্যাগে। নাহলে অনেক বড় বড় তারকারা যখন ছবির অফার না পেয়ে ‘আঙুর ফল টক’ সূত্রের মতো ‘ভালো গল্প পাচ্ছি না’ বলে বেড়াচ্ছেন। তাদের নাকের ডগা দিয়েই একের পর এক ছবির কাস্টিং সংখ্যা বাড়িয়ে চলেছেন তিনি। যদিও শুরুতেই আরজুর মতো সাদামাটা চেহারার বিপরীতে তাকে একটু বেখাপ্পা লাগলেও সম্প্রতি উঠতি হিরো আরেফিন শুভর সাথে ছবি করছেন দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘ভালোবাসা জিন্দাবাদ’ চলচ্চিত্রে। যদিও শুভরও সাফল্যের খাতা এখনও শূন্যের কোঠায়। তাই আইরিনকে নিয়ে এই টানাহেঁচড়ার জের কতদূর গড়ায় সেটাই দেখতে দৃশ্যত চেয়ে আছেন বাকিরা। তবে চলচ্চিত্রের এই গুমোট সময়ে আইরিনের শুভাকাঙ্ক্ষীই বলা যায় অনেককেই। এর ভেতর চরম বৈরী আবহাওয়াতেও পরিচালক দেবাশীষ শুটিং করেছেন আউটডোরে। আর এ ঘটনায় আইরিনের নির্মাতাদের ভেতরেই এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কেউ বলছেন, তরুণ নির্মাতা সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিতে লুঙ্গি পরে বিচিত্র সাজে হয়তো গ্রাম্য চেহারার আরজুকে মানায় কিন্তু আইরিনকে নয়। আবার আরেক পক্ষ বলছেন, দেবাশীষের ছবিতে আউটডোরে ওই রকম লোকেশনে শাড়ি পড়া আইরিন নাকি বড়ই উদ্ভট! তবে সব ধরনের পক্ষ-বিপক্ষের এই তর্কের রায় দেবে দর্শক। কারণ এতদিন শুধু বোবা আইরিনকেই দেখেছে অনেকে, মুখ ফুটে ডায়লগ আর এক্সপ্রেশনটাই তো ছবির মূল। সেখানে কতদূর এগোতে পারেন আইরিন তারই অপেক্ষা সবার। একমাত্র সময়ের ক্যালেন্ডারেই আছে যে এই অপেক্ষার উত্তর।