টম ক্রুজের চলচ্চিত্রে বাংলাদেশের আজিম
প্রকাশ : ১৪ মে ২০১৩, ১৯:০৩
হলিউডের মারদাঙ্গা সব অ্যাকশন ছবিতে প্রায়ই দেখা যায় উড়োজাহাজকে ভেঙে পড়তে। তবে সত্যি সত্যি তো আর উড়োজাহাজ ভেঙে পড়ে না, বরং সেই দৃশ্যগুলোতে স্পেশাল ইফেক্টেরই প্রাধান্য থাকে। তারপরেও ভাঙা উড়োজাহাজের ধ্বংসযজ্ঞের জন্য সেট তৈরি করতে হয়। হলিউড সুপারস্টার টম ক্রুজের সর্বশেষ ব্লকবাস্টার ‘অল ইউ নিড ইজ কিল’ ছবিতেও এ রকম দুটি উড়োজাহাজ ক্র্যাশের দৃশ্য রয়েছে। একটি সমুদ্র সৈকতে দুটি উড়োজাহাজ ভেঙে পড়ার দৃশ্য রয়েছে। লিভসডেনে ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে এই ছবির শুটিং হয়। ওয়ার্নার ব্রাদার্সের এই ছবিতে এই দুইটি উড়োজাহাজ সরবরাহ করেছে ইম্পেরিয়াল এয়ার স্যালভেজ কোম্পানি। গর্বের বিষয় হচ্ছে, এই কোম্পানিটির প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন মুস্তফা আজিম। তিনি আমাদের বাংলাদেশেরই সন্তান। টম ক্রুজের এই চলচ্চিত্রের জন্য তিনি তার কোম্পানির বোয়িং ৭৩৭ এবং বিএই ১৪৬ ব্যবহার করেন। মুস্তফা আজিম বাংলাদেশিদের নিয়েই গড়ে তুলেছেন ইম্পেরিয়াল এয়ার স্যালভেজ। ব্রিটিশভিত্তিক বাংলাদেশি এই কোম্পানিটি চলচ্চিত্রে ব্যবহূত বিভিন্ন ধরনের এয়ারক্রাফটের ইন্টেরিয়র কিংবা ক্র্যাশ করা উড়োজাহাজের জন্য সেট তৈরিতে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে থাকে। এর আগে বিবিসি এবং স্কাই নিউজকেও একই সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া ২০০৫ সালে একটি ক্র্যাশ করা এফ২৮ কিনে মুস্তফা আজিম গুলশানে গড়ে তোলেন দেশের প্রথম উড়োজাহাজ রেস্টুরেন্ট। সম্প্রতি মুস্তফা আজিম ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের একটি উড়োজাহাজও কিনেছেন। বাংলাদেশ, যুক্তরাজ্য ছাড়াও বুলগেরিয়া এবং অস্ট্রেলিয়াতে বিভিন্ন প্রজেক্ট রয়েছে মুস্তফা আজিমের ইম্পেরিয়াল এয়ার স্যালভেজের। বলাই যায়, প্রথম বাংলাদেশি হিসেবেই হলিউডে স্থান করে নিয়েছেন মুস্তফা আজিম। তবে এতদিন এই গৌরবের খবরটি বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার হলেও বাংলাদেশি মিডিয়ায় আসেনি। একই সাথে মুস্তফা আজিম খুব শিগগিরই দেশেও আসবেন। তাই খুব শিগগিরই বাংলাদেশের এই সুনাগরিককে আনুষ্ঠানিকভাবে পরিচিতি দেওয়ার প্রস্তুতি চলছে। দেশে এসে মুস্তফা আজিম বিশ্বসেরা টম ক্রুজের সাথে ঘনিষ্ঠ হয়ে কাজ করার অভিজ্ঞতাও শেয়ার করবেন বলে জানা গেছে।