কোটালীপাড়ায় প্রতি বছর হবে সুকান্ত মেলা
গোপালগঞ্জ প্রতিনিধি ও কোটালীপাড়া সংবাদদাতা
প্রকাশ : ১৪ মে ২০১৩, ১৯:২১
কবি সুকান্ত ভট্টাচার্যের ৬৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত সোমবার দিনব্যাপী সুকান্ত মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন কবির পৈতৃক ভিটা কোটালীপাড়ার উপজেলার উনশিয়া গ্রামে এ মেলার আয়োজন করে। কবির আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ ও মাল্যদান করে প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. দিলীপ দেবনাথ, অধ্যক্ষ গৌরঙ্গ লাল চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাহাবুব আলী খান, এস.এম হুমায়ুন কবির, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার প্রমুখ। গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি, উদীচী, রবীন্দ সংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা মেলা মঞ্চে তরুণ বিপ্লবী কবি সুকান্ত রচিত গান পরিবেশন করেন। গানের ফাঁকে ফাঁকে চলতে থাকে কবিতা আবৃত্তি।
উল্লেখ্য, কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৬ আগস্ট কলকাতার মহিম হালদার স্ট্রিটের মামা বাড়িতে জম্মগ্রহণ করেন। ১৯৪৭ সালের ১৩ মে মৃত্যুবরণ করেন তিনি। ১৯৪৭ সালে দেশ বিভাগের অনেক আগেই কবির পিতা নিবারণ ভট্টাচার্য উনশিয়া গ্রামের ভিটামাটি ফেলে কলকাতায় চলে যান। কবির পৈতৃক ভিটা দখল মুক্ত করে বর্তমান সরকার কবির স্মৃতি ধরে রাখতে সেখানে অডিটোরিয়াম ও লাইব্রেরি নির্মাণ করেছে। জেলা প্রশাসক মো. খলিলুর রহমান জানিয়েছেন, এখন থেকে উনশিয়া গ্রামে প্রতি বছর সরকারিভাবে কবির জম্ম ও মৃত্যু বার্ষিকী পালন করা হবে।