ডিএসই’র নির্বাচনে ১২ জনের আগ্রহপত্র দাখিল

আগামী জুনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১২ জন সদস্য তাদের আগ্রহপত্র ডিএসইর পক্ষ থেকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অনাপত্তির জন্য জমা দিয়েছেন। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২৭ মে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। আবেদনকারীরা হলেন লুত্ফর রহমান বাদল, শামীম আফজাল, সুজাউদ্দিন আহমেদ, দস্তগীর মোহাম্মদ আদিল, মঞ্জুর উদ্দিন আহমেদ, এএস শহিদুল হক বুলবুল, শরীফ আনোয়ার হোসেন, কাজী ফিরোজ রশীদ, খুজেস্তা নূর ই নাহরীন, খোন্দকার আসাদুল ইসলাম, মো. আজিজুল হক এবং শাহেদ আব্দুল খালেক। প্রসঙ্গত, ডিএসইর পরিচালনা পর্ষদের মোট সদস্য সংখ্যা ২৪। এরমধ্যে ১২ জন পরিচালক সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হন। বাকি ১২ জন বিভিন্ন পর্যায় থেকে মনোনীত। নির্বাচিত পরিচালকদের মধ্যে প্রতিবছর ৪ জন অবসর গ্রহণ করেন এবং ওই ৪টি পদে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচিত সকল পরিচালকের ভোটে এক বছরের জন্য সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচন করা হয়।