কন্টেইনার জাহাজ নির্মাণে চুক্তিবদ্ধ হয়েছে ওয়েস্টার্ন মেরিন

২৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে আরও একটি কন্টেইনার জাহাজ নির্মাণে চুক্তিবদ্ধ হয়েছে জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। বানকান শিপিং কোম্পানির সাথে গত রবিবার এ চুক্তি হয়। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসাইন ও বানকান শিপিং কোম্পানির চেয়ারম্যান মো. ইলিয়াস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ওয়েস্টার্ন মেরিন সূত্র জানায়, ১৬০ টিইইউ‘স কন্টেইনার ধারণক্ষমতা সম্পন্ন এ জাহাজটি চট্টগ্রাম বন্দর ও পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের মধ্যে চলাচল করবে। সরকার এ রুটে চলাচলের জন্যে ৫০টি কন্টেইনার জাহাজ নির্মাণের অনুমোদন দিয়েছে। এর মধ্যে ওয়েস্টার্ন মেরিন ৬টি জাহাজ নির্মাণের কার্যাদেশ অর্জন করেছে। গতমাসে ওয়েস্টার্ন মেরিন এ রকম আরো দুটি জাহাজ নির্মাণের জন্য নিপা পরিবহন ও মীর এন্ড ইসলাম এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে।