কুতুবদিয়ায় বাঁধ মেরামত না হওয়ায় জলোচ্ছ্বাস আতংক
আহমেদ গিয়াস, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২০:৪১
কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের ৭ কিলোমিটার বিধ্বস্ত বেড়িবাঁধ এখনও মেরামত হয়নি। ফলে একদিকে এ দ্বীপের ৩০ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ সামুদ্রিক জলোচ্ছ্বাসের আতংকে ভুগছে, অন্যদিকে ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে সামুদ্রিক জোয়ারের পানি আসা-যাওয়া করায় প্রায় ১ হাজার একর আবাদী জমির চাষাবাদ ব্যাহত হচ্ছে। কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নূরুল বশর চৌধুরী জানান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর ৭১নং পোল্ডারের আওতাধীন কুতুবদিয়া দ্বীপের ৭ কিলোমিটার বেড়িবাঁধ গত ২ বছরেরও বেশি সময় আগে সামুদ্রিক জোয়ারের তোড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। কিন্তু বরাদ্দের অভাবে এখনও মেরামত করা যায়নি। এর ফলে কুতুবদিয়া দ্বীপের বড়ঘোপ ইউনিয়নের পূর্বাংশ, ওয়াপদা অফিস, নয়াপাড়া, আজম কলোনী, মিয়ারঘোনা, লেমখীখালী ইউনিয়নের সতর উদ্দিন, পেয়ারা কাটা, উত্তর ধুরং ইউনিয়নের ফয়জানির বাপের পাড়া, আকবর বলী পাড়াসহ ৩ ইউনিয়নের ৩০ গ্রামের প্রায় ১ হাজার একর আবাদী জমি বর্ষাকালে অনাবাদী পড়ে থাকছে। অন্যদিকে এসব এলাকার অর্ধলক্ষাধিক বাসিন্দাও রয়েছে সামুদ্রিক জলোচ্ছ্বাসের আতংকে।
কক্সবাজারস্থ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর পওর শাখার নির্বাহী প্রকৌশলী মাঈনুদ্দিন জানান, কুতুবদিয়ার বড়ঘোপ, কৈয়ারবিল, লেমশীখালী ও উত্তর ধুরং ইউনিয়নের বিভিন্ন অংশে বিধ্বস্ত বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে মেরামত করার জন্য কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পেশ করা হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেলে মেরামত কাজ দ্রুত শুরু করা হবে।