গাইবান্ধায় পরীক্ষায় ফেল করায় কলেজ ভাংচুর

গাইবান্ধা টেকনিক্যাল স্কুল ও কলেজের জানালা-দরজা ও শ্রেণিকক্ষের আসবাবপত্র সোমবার ভাংচুর করেছে অকৃতকার্য ছাত্র-ছাত্রীরা। এবারের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তারা এই ঘটনা ঘটান। এবারের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় কলেজ থেকে মোট ২৬৬ জন অংশ নেন। এর মধ্যে পাস করে ৯৮ জন ও অকৃতকার্য হয় ১৬৮ জন। গত ৯ মে প্রকাশিত ফলাফল শুনে অকৃতকার্য ছাত্র-ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে কলেজ অধ্যক্ষ অকৃতকার্য হওয়ার বিষয়টি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডকে অবহিত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরবর্তীতে অকৃতকার্য ছাত্র-ছাত্রীরা আবারো গতকাল সোমবার দুপুরের দিকে কলেজে আসে। কিন্তু অধ্যক্ষের কাছে কোন সমাধান না পেয়ে শ্রেণিকক্ষের দরজা-জানালা ও আসবাবপত্র ভাংচুর, কলেজ সংলগ্ন গাইবান্ধা-সাঘাটা সড়ক অবরোধ এবং দুটি সিএনজি চালিত অটোরিক্সা ভাংচুর করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কলেজ অধ্যক্ষ জবায়দুর রহমান জানান, অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে কারিগরি বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলেছে। তারা ফলাফল প্রকাশে ভুল হতে পারে বলে জানিয়েছেন। তিনি আরো জানান, যাচাই-বাছাইয়ের জন্য পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র কারিগরি বোর্ডে পাঠানো হয়েছে।