গাজীপুরে কাউন্সিলর প্রার্থীকে হত্যার হুমকি

গাজীপুরে সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ করায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও তার ভাইকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, গাজীপুর জেলা শহরের লক্ষ্মীপুরা এলাকায় কতিপয় সন্ত্রাসী মাদক ব্যবসা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করলে স্থানীয় সাবেক কমিশনারসহ কতিপয় সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী জুলহাস ও তার ছোট ভাই সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী কামরুল হাসান কাকুলকে খুন-জখমের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ঘটনায় ব্যবসায়ী মোঃ জুলহাসউদ্দিন গত সোমবার জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।