কালবৈশাখী ভীতিতে সন্ত্রস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চাষি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রামে গ্রামে এখন বোরো ধানের মাতামাতি। কালবৈশাখীর আঘাত হানার আতঙ্কে তড়িঘড়ি ধান কাটা হচ্ছে। কৃষি সমপ্রসারণ বিভাগের যশোর আঞ্চলিক অফিস সূত্র জানায়, খুলনা বিভাগের ১০টি জেলায় এ বছর বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫ লাখ ৮৮ হাজার ৫শ’ ৫৫ হেক্টর জমিতে। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ হাজার ২শ’ ৮৯ হেক্টর জমিতে বোরো আবাদ কম হয়েছে। যশোর আঞ্চলিক অফিসের অতিরিক্ত পরিচালক আব্দুল মান্নান জানান, গত বছর বোরো ধানের দাম কিছুটা কম থাকায় কৃষকরা বোরো আবাদ কিছুটা কমিয়ে গম, ভুট্টা, শাক-সবজির দিকে ঝুঁকে পড়েছে। তিনি দাবি করেন লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও উত্পাদন বেড়েছে। চলতি মাসের মধ্যে সব ধান কৃষকের ঘরে উঠবে জানিয়ে একজন কর্মকর্তা জানান, কালবৈশাখীর ভীতি রীতিমতো ভর করে আছে কৃষকদের মনে। যশোরের চৌগাছা উপজেলার কয়েকটি গ্রামে উত্সবের আমেজে ধান কাটার ধুম পড়ে গেছে। বাড়িয়ালি, ফুলসরা, হাওলি গ্রামের মাঠের পর মাঠ সোনারঙা ধানে ভরে উঠেছে। বাড়িয়ালি গ্রামের বয়োবৃদ্ধ আব্দুল মাজেদ বলেন, ‘আর কয়ডা দিন বিষ্টি না হলি বাঁইচে যাবনি। ধান সব কাটা হইয়ে যাবেনে।’ ফুলসরা গ্রামের বর্গা চাষি রুহুল আমিন মাঠে কেটে রাখা ধান রাস্তার ধারে পলিথিন বিছিয়ে থরে থরে সাজিয়ে রাখছেন। কারণ বৃষ্টি হলে মাঠে রাখা ধান ঝরে যাবে। গুচ্ছ ধানের শীষ প্রতিবেদকের সামনে মেলে ধরে বললেন, ‘এই দ্যাহেন এত ধান যে বিঘেয় ৩০ মণ হবেনে।’ তিনি জানান, প্রতি বিঘা জমি ৪ হাজার টাকা করে সাড়ে তিন বিঘা জমি তিনি লিজ নিয়েছেন। লিজের টাকা, উত্পাদন খরচ বাদ দিয়ে প্রতি বিঘায় তার দুই হাজার টাকা করে লাভ থাকবে।