নান্দাইলে বাস থেকে পড়ে শ্রমিক নিহত

কিশোরগঞ্জের আষ্টগ্রামে টানা ১৮দিন বোরো ধান কাটার কাজে কায়িক শ্রম বিক্রি করে বাড়ি ফিরছিলেন নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ছাইরামাসকান্দা গ্রামের হোসেন আলী। তার সঙ্গে ছিলো এতোদিনের সঞ্চিত ৫ হাজার ৮শ’ টাকা। কম ভাড়ায় বাড়ি ফেরার জন্যে সোমবার বিকেলে বাসের ছাদে উঠেন তিনি। তার সাথে ছাদে উঠে ২৯জন শ্রমিক। দ্রুতগতির চলন্ত বাসটির চালক ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরের খাদ্য গুদামের কাছে এসে হঠাত্ করে ব্রেক করায় হোসেন আলী বাসের ছাদ থেকে ছিটকে পড়েন সড়কের ওপর। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উপস্থিত লোকজন উদ্ধার করে নান্দাইল উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে ওইরাত ৮টার দিকে চিকিত্সাধীন অবস্থায় মারা যান ওই হতভাগ্য শ্রমিক। কিন্তু এরমধ্যে হোসেন আলীর লুঙ্গির নিচে একটি হাফপ্যান্টের চেইন লাগানো পকেটে থাকা ৫ হাজার ৮শ’ টাকা হাওয়া হয়ে (খোয়া) গেছে। নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) খন্দকার জাকির হোসেন জানান, ভৈরব থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী শ্যামল ছায়া বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪-৩৫৭৫) আটক করা হয়েছে। তিনি জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরার এক ট্রাক ড্রাইভার তরমুজ বোঝাই ট্রাক নিয়ে বরিশাল যাওয়ার পথে শহরের কাছে অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়। জানা যায়, শ্যামনগরে উপজেলার কাতখালী গ্রামের আনছার আলী গাজীর পুত্র ফজর আলী (৩৫) নামের এক ট্রাক চালক তরমুজ বোঝাই ট্রাক নিয়ে বরিশাল যাওয়ার পথে অন্য একটি মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফজর নিহত হয়। নিহতের পিতা জানান, ফজর আলী কুষ্টিয়া থেকে তরমুজ বোঝাই ট্রাক চালিয়ে শ্যামনগরের উদ্দেশ্যে আসার পথে বরিশাল শহরে ১২ মে রাতে এ দুর্ঘটনা ঘটে।