বুড়িচংয়ে সন্তান হত্যায় স্ত্রীর মামলা

কুমিল্লার বুড়িচংয়ে দেড় বছরের শিশু সন্তান হত্যার অভিযোগে স্বামী ও শ্বশুর-শাশুড়িসহ ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছে স্ত্রী। ওই মামলায় আদালতের আদেশে ২ মাস পর মঙ্গলবার কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যালে মর্গে প্রেরণ করা হয়। প্রকাশ, ১৪ মার্চ দেড় বছরের শিশু সিফাত বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা গেলে ১৯ এপ্রিল সিফাতের মা শিমু আক্তার (২৫) বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন। আদালত বুড়িচং থানার ওসিকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে ১০ মে ৬ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা হচ্ছে- স্বামী মামুন মিয়া (২৭), শ্বশুর সুলতান মিয়া (৬৫), শাশুড়ি আমেনা খাতুন (৫৫), জা আজমিরী আক্তার (৩০), ননদ বিউটি আক্তার (৩৫) ও শিউলী আক্তার (৩০)। মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম খান প্রমুখের উপস্থিতিতে কবর থেকে সিফাতের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।