আসাদ সরকারের ওপর চাপ বৃদ্ধিতেএকমত ওবামা ও ক্যামেরন
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২০:৪৫
সিরিয়া সংকট নিয়ে গতকাল মঙ্গলবার রাশিয়ায় প্রেসিডেন্ট পুটিনের সাথে বৈঠক করেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গত সোমবার রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় বৈঠকে বেশি গুরুত্ব দেয়া হবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিশেষ করে সিরিয়ার ওপর। সিরিয়ায় ইসরাইলের বোমা হামলার ব্যাপারে রাশিয়া উদ্বিগ্ন
এবং সেখানে অত্যাধুনিক অস্ত্র সরবরাহের কারণে রাশিয়ার ওপর অসন্তুষ্ট ইসরাইল। সিরিয়ায় সংঘাত বন্ধে রাশিয়ার ভূমিকাকে খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বৈঠকে নেতানিয়াহু সিরিয়ায় অস্ত্র সরবরাহ বন্ধের আহবান জানাতে পারেন। এদিকে হোয়াইট হাউসে বৈঠকে আসাদ সরকারের ওপর চাপ বৃদ্ধির ব্যাপারে একমত হয়েছেন প্রেসিডেন্ট ওবামা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করবার জন্য চাপ বাড়ানোর লক্ষ্য নিয়ে ওয়াশিংটনে একটি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বৈঠক শেষে একটি যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন দুই নেতা। এতে প্রেসিডেন্ট ওবামা বলেন, সিরিয়ায় বিবদমান দুই পক্ষকে জেনেভায় একটি আলোচনায় বসানোর যে উদ্যোগ নেয়া হচ্ছে। সেখানে মূলত দেখা হবে ঠিক কোন প্রক্রিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিহীন একটি নতুন প্রশাসনের কাছে সিরিয়ার রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করা যায়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন প্রস্তাবিত এই আলোচনাই হতে যাচ্ছে সেখানকার যুদ্ধ শেষ করবার একমাত্র শান্তিপূর্ণ উপায়। তিনি বলেন, সিরিয়ানদের আলোচনার টেবিলে বসানো এজন্য প্রয়োজন যাতে তারা এমন একটা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া গ্রহণ করে যেটাকে সিরিয়ার বাসিন্দারা সমর্থন দেবে। ডেভিড ক্যামেরন তার বক্তব্যে আরও উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়ন যাতে অস্ত্র নিষেধাজ্ঞা শিথিল করে সে জন্য ব্রিটেন চাপ দিয়ে যাচ্ছে। নিষেধাজ্ঞা শিথিল হলে সিরিয়ার বিরোধীদেরকে অস্ত্র সহায়তা দ্বিগুণ করে দেয়া হবে। ওবামা এবং ক্যামেরন আশা প্রকাশ করেন রাশিয়া আসাদকে ক্ষমতা ছাড়ার ব্যাপারে বোঝাবেন। ওবামা বলেন বিশ্বের নেতৃত্বদানকারী একটি দেশ হিসেবে
রাশিয়ার কিছু দায়-দায়িত্ব আছে। আগামী জুনে সিরিয়ার ব্যাপারে আন্তর্জাতিক সম্মেলনের সফলতার ব্যাপারেও সংশয় প্রকাশ করেন ওবামা। তিনি বলেন, সম্মেলনের সফলতার ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারছি না,উন্মত্ততা একবার ছড়িয়ে পড়লে তা উপশম করা দুরূহ হয়ে পড়ে।