পাকিস্তানের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসবে
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২০:৪৬
পাকিস্তানের ঐতিহাসিক নির্বাচনে জয়লাভ করে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (এন)। সরকার গঠনের পর নওয়াজ শরীফ তার দেশের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনবেন বলে দেশটির একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে জানিয়েছেন। আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টিই বেশি গুরুত্ব পাবে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
দলের এক প্রভাবশালী ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, পররাষ্ট্র নীতির মূল লক্ষ্য হবে দেশের স্বার্থ রক্ষা করা। প্রভাবশালী এই ব্যক্তি নওয়াজকে পররাষ্ট্র নীতির বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র এবং ভারতসহ কোনো দেশের সঙ্গে সম্পর্কের অবনতি না করেই দেশের স্বার্থ রক্ষা করে পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনা হবে। প্রভাবশালী ওই ব্যক্তি জানান, পাকিস্তান সরকার উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে যুক্তরাষ্ট্রকে ড্রোন হামলা বন্ধের অনুরোধ জানাবে। কারণ এই হামলা পাকিস্তান তথা এই অঞ্চলের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করে নওয়াজের দল। এছাড়া আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারে পাকিস্তান সরকার সবরকম সহায়তা দেবে বলেও তিনি জানান। বিশেষজ্ঞরা মনে করছেন, ২০১৪ সালে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার কৌশলের ওপর নওয়াজের পররাষ্ট্র নীতির দক্ষতা নির্ভর করবে। নওয়াজ শরীফ ১৯৯৮ সালে ক্ষমতায় থাকার সময় ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন। তত্কালীন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি পাকিস্তান সফর করেছিলেন। সেই সম্পর্ককে পুনরুজ্জীবিত করবেন নওয়াজ। সৌদি আরবের সঙ্গে নওয়াজের সুসম্পর্ক রয়েছে। আর এক্ষেত্রে ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তাকে কৌশল অবলম্বন করতে হবে।