সংঘাত নয় সংলাপ চাই
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২০:৪৮
সুবুদ্ধি ও সুবিবেচনা জিম্মি হয়ে পড়লে কী অবস্থা দাঁড়ায় দেশের বিদ্যমান পরিস্থিতিতে সে সত্যটিই ফুটে উঠেছে। দেশের সংবিধান, প্রচলিত আইন ও গণতান্ত্রিক মূল্যবোধকে অস্বীকার করে সংলাপ ও সমঝোতার পথ এড়িয়ে সহিংসতার মাধ্যমে সমাধান খোঁজার প্রবণতায় দেশে একের পর এক অস্বস্তিকর ঘটনা ঘটছে। সমাজের একাংশের সহিংসতাচর্চা দেশের বৃহত্ জনগোষ্ঠীর মানসিক শান্তি যেমন কেড়ে নিচ্ছে তেমনি উন্নয়ন ও অগ্রগতি রুদ্ধ হয়ে যাওয়ার হুমকি সৃষ্টি করছে। একের পর এক রাজনৈতিক সহিংসতায় গার্মেন্টশিল্পে অশনিসংকেত দেখা দিয়েছে। বিশ্বের শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হওয়ার হাতছানি বাংলাদেশকে আরো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাই জোগাচ্ছিল। এমন শুভ মুহূর্তে রাজনৈতিক হানাহানি দেশের রাজনীতিকে যেমন শ্বাসরুদ্ধকর অবস্থার দিকে ঠেলে দিয়েছে তেমনি অর্থনীতিই শুধু নয়, গণতন্ত্র ও মানবাধিকারকেও প্রশ্নবিদ্ধ করে তুলছে।
বাংলার এই জনপদে আন্দোলন-সংগ্রাম নতুন কিছু নয়। বরং এজন্য সুখ্যাতি আছে বাংলার মানুষের। সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন শাসক, উপনিবেশবাদী আর নবাব-জমিদারদের বিরুদ্ধে নানা পর্যায় থেকে সহিংস-অহিংস আন্দোলন-সংগ্রাম গড়ে উঠেছে এখানে। উপনিবেশবিরোধী আন্দোলন, জমিদারবিরোধী আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, কৃষক আন্দোলন, ধর্ম আন্দোলন, শিক্ষা আন্দোলন, ভাষা আন্দোলন, গণতন্ত্রের আন্দোলন— এমন নানা আন্দোলন ঘুরেফিরে এই জনপদকে আলোড়িত করে রেখেছে।
কিন্তু পরস্পরবিরোধী এমন বহুধা আন্দোলন কবে কে দেখেছে? তাই দেশজুড়ে অনাগত বিপর্যয় আর হাঙ্গামার অশনিসংকেত মানুষকে কুঁকড়ে দিচ্ছে।
স্বাধীনতার ৪২ বছরে আমরা দেখেছি,ক্ষমতার মসনদে বসার পর সবার চরিত্র এক ও অভিন্ন হয়ে যায়। যে কোনো ভাবে ক্ষমতায় থেকে যাওয়া এবং বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য মরিয়া হয়ে ওঠে তারা। নব্বইয়ের গণআন্দোলনের পর গণতন্ত্রের যে স্বপ্ন বুনেছিল দেশের মানুষ, তা এভাবেই ফিকে হয়ে গেছে। এখন সরকার ও বিরোধী দলের মধ্যকার হাঙ্গামা আর নৈরাজ্য বাংলাদেশের প্রতীকই হয়ে গেছে।
বাংলাদেশের সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সম্প্রতি জাতিসংঘ প্রচারিত এক বিবৃতিতে তিনি বাংলাদেশের সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ।
গত ৮ মে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা সরকার ও বিরোধী দলগুলোকে রাজনৈতিক সহিংসতা পরিহার করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। ইউরোপ ডে উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা এ আহ্বান জানান। তাঁরা চান বাংলাদেশের সব রাজনৈতিক দলকে গঠনমূলক সংলাপের মাধ্যমে চলমান সংকট নিরসন করতে হবে। রাষ্ট্রদূত চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এটা এ দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্তরায়। ঐ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বিশ্বাস করে রাজনৈতিক ও সাংবিধানিক উপায়ে রাজনৈতিক সহিংসতা বন্ধ করে চলমান সমস্যা সমাধানে ঐকমত্যে পৌঁছানো সম্ভব। আর এর মাধ্যমেই বাংলাদেশে নিরপেক্ষভাবে আগামী নির্বাচন করা সম্ভব। এ সময় বাংলাদেশে গত এক মাসে রাজনৈতিক দলগুলোর সাংঘর্ষিক আচরণ ও মুখোমুখি অবস্থানে গভীর উদ্বেগও প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত।
আমার মতে, বাংলাদেশ স্বল্প সম্পদের দেশ। আমাদের দেশের বেকার মানুষের হাতকে কাজের হাতে পরিণত করার মধ্যে এ জাতির ভবিষ্যত্ নিহিত। সে পথে চলার জন্য স্থিতিশীল পরিবেশের কোনো বিকল্প নেই। অথচ স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে কোন্দলপ্রিয় রাজনীতিকদের হীনম্মন্যতার কারণে। আলাপ-আলোচনার মাধ্যমে সরকার ও বিরোধী দলের মতপার্থক্য নিরসনের সুযোগ থাকলেও সে পথে না যাওয়ায় সংঘাত অনিবার্য হয়ে উঠছে। সবার অংশগ্রহণ নিশ্চিত করে এমন একটি নির্বাচন পদ্ধতি সম্পর্কে একমত হওয়া এবং যুদ্ধাপরাধের বিচার ইত্যাদি ইস্যুতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো যুক্তিগ্রাহ্য পথে চলতে ব্যর্থ হয়েছে। নির্বাচনের গ্রহণযোগ্য পথ উদ্ভাবনে সরকার ও বিরোধী দলের সংলাপ সমাধানের ক্ষেত্রে অপরিহার্য হওয়া সত্ত্বেও তারা সে পথে চলতে অনীহা দেখাচ্ছে। বিচার্য বিষয়ে আইনি লড়াই চালানোর বদলে সহিংসতার পথে সমাধান খোঁজার চেষ্টা পরিস্থিতিকে জটিল করে তুলছে। রাজনীতিকদের সংলাপবিমুখ মনোভাব দেশকে ঠেলে দিচ্ছে মহাসংকটের দিকে। সরকার ও বিরোধী দল কেউই এ দায় এড়াতে পারে না। দেশের স্বার্থে সহিংসতা এড়িয়ে তারা সংলাপে বসবেন ১৬ কোটি মানুষ তেমনটিই দেখতে চায়। এ প্রত্যাশার প্রতি শ্রদ্ধা দেখানো তাঁদের কর্তব্য বলেই বিবেচিত হওয়া উচিত।
ঢাকা