মায়ের মৃতদেহ খুঁজছে অন্তর

রানা প্লাজার ধ্বংসস্তূপের উদ্ধার কাজ গত সোমবার সন্ধ্যার পর শেষ হয়েছে; কিন্তু শেষ হয়নি স্বজনহারাদের আহাজারি। স্বজনের জন্য প্রতীক্ষা। অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এখনো আসছেন স্বজনহারারা। এদেরই একজন আট বছর বয়সী অন্তর। মায়ের ছবি নিয়ে বাবামো. জাহাঙ্গীরের সঙ্গে প্রতিদিন সকালে অন্তর আসে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। মায়ের লাশের সন্ধানে। সেখানে থাকে সন্ধ্যা পর্যন্ত। এরপর চলে যায় রানা প্লাজা এলাকায়। ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার কাজ শেষ হয়েছে; কিন্তু উদ্ধার হয়নি অন্তরের মায়ের লাশ। মা কোথায় আছে কেমন আছে, জীবিত আছে না মারা গেছে— কিছুই জানে না অন্তর। লাশ বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে কিনা তাও অন্তর জানে না। মায়ের ছবি বুকে নিয়ে শুধু কাঁদে সে। বলে মা আমি তোমাকে চাই। গার্মেন্টস কর্মী বুলবুলির (৩০) তিন পুত্র সন্তানের মধ্যে অন্তর দ্বিতীয়। পড়ে দ্বিতীয় শ্রেণীতে। অন্তরের বড় ভাই সৈকত (১৩) অষ্টম শ্রেণীতে এবং ছোটো ভাই আনন্দ (৫) প্রথম শ্রেণীতে পড়ে। অনন্তের বাবা মো. জাহাঙ্গীর দিনমজুরের কাজ করেন। স্বামী-স্ত্রী তাদের সীমিত আয়ে তিন ছেলেকে লেখাপড়া করাতেন। বুলবুলি গত ৬ এপ্রিল রানা প্লাজার সপ্তম তলার একটি গার্মেন্টসে যোগদান করেন। মাত্র ১৮ দিন চাকরি করেন বুলবুলি। তার স্বামী জাহাঙ্গীর বলেন, তার স্ত্রী বাসায় থাকতেন। কখনো গার্মেন্টস কিংবা অন্য কোথাও চাকরি করেনি। তিন ছেলের লেখাপড়ার খরচ যোগাতে আমার উপর চাপ পড়ছিল। এটা সে মানতে পারেনি। যার কারণে বুলবুলি গার্মেন্টসে চাকরি নেন। তার মাসিক বেতন মাত্র সাড়ে তিন হাজার টাকা। ঘটনার আগের দিন রানা প্লাজায় ফাটল দেখা দিলে ওই দিন গার্মেন্টস ছুটি হয়ে যায়। বাসায় এসে বুলবুলি স্বামী ও সন্তানদের জানিয়েছিলেন বিষয়টি। ঘটনার দিন অর্থাত্ ২৪ এপ্রিল গার্মেন্টসে যেতে জাহাঙ্গীর ও বড় ছেলে সৈকত বুলবুলিকে নিষেধ করেন; কিন্তু বুলবুলি তাদের কথা শোনেননি। বলেছিলেন গার্মেন্টসে গিয়ে চলে আসবেন। এটাই তার স্বামীর সঙ্গে শেষ কথা। বড় ছেলে সৈকত বললো মা তোমার সঙ্গে আমি যাবো। ছেলে সৈকতকে নিয়ে সকাল ৮টায় বাসা থেকে বুলবুলি গার্মেন্টসের উদ্দেশে রওয়ানা দেন। রানা প্লাজার সামনে এসে বুলবুলি সৈকতকে বলে, আমি সাত তলায় যাবো আর আসবো। সৈকত রানা প্লাজার সামনে দাঁড়িয়ে থাকে। তার মা গার্মেন্টসে যাওয়ার কিছুক্ষণ পর হঠাত্ বিকট শব্দে ভবন ধসে পড়ে। কিছুক্ষণ অপেক্ষায় থেকে সৈকত দেখে তার মা আসেনি। সে নিজেই মায়ের খোঁজে ধ্বংসস্তূপে যায়। খোঁজাখুঁজি করে তার মায়ের কোনো সন্ধান পায়নি সৈকত। তবে ধ্বংসস্তূপের এক ফাঁকে সাত তলার গার্মেন্টস শ্রমিকদের নিয়োগের ব্যক্তিগত অনেক ফাইল পড়ে থাকতে দেখে সৈকত। সেই ফাইলের মধ্যে তার মায়ের নিয়োগের ফাইলটি পেয়েছে সৈকত। তবে মায়ের সন্ধান না পেয়ে সৈকত শুধু চাকরি নিয়োগের ফাইল নিয়ে দিন কাটাচ্ছে। সরেজমিনে অনন্ত সৈকতদের সাভারের বাসায় গিয়ে দেখা যায়, তাদের ছোট ভাই আনন্দ শুধু আম্মু আম্মু বলে কাঁদছে। বাবাকে জিজ্ঞেস করে বাবা আম্মু আর আসবে না ? কোনো উত্তর দিতে পারেননি জাহাঙ্গীর। চোখের পানি দিয়েই হয়তো জবাব দিচ্ছেন আর আসবে না তাদের প্রিয় মা।