প্রধানমন্ত্রীর নির্দেশে অগ্নিদগ্ধ পুলিশ সদস্যকে সিঙ্গাপুর প্রেরণ
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২২:২৬
রাজধানীর পল্টনে গত ৫ মে হেফা-জতের অবরোধের সময় দুর্বৃত্তদের দেয়া অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে আহত পুলিশ কনস্টেবল পিয়ারুলকে উন্নত চিকিত্সার জন্য গত সোমবার এয়ার এ্যাম্বুল্যান্স যোগে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। ঢাকা অবরোধকালে দুর্বৃত্তরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (পূর্ব) অফিসে অগ্নিসংযোগ করে। ঐ সময় পিয়ারুল অফিসের দোতলায় দায়িত্বপালন করছিলেন। আগুনে তার শরীরের প্রায় ৪৫ ভাগ পুড়ে যায়। তাঁকে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। সেখানে তিনি প্রফেসর রায়হানা আলমের তত্ত্বাবধানে ছিলেন। তাঁর চিকিত্সার লক্ষ্যে গঠিত মেডিক্যাল বোর্ড তাঁকে উন্নত চিকিত্সার জন্য বিদেশে প্রেরণের সুপারিশ করেন।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) কাজী জিয়া উদ্দিন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগ এবং ঐকান্তিক আগ্রহে পিয়ারুলকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরে প্রেরণ করা সম্ভব হয়েছে। পিয়ারুল ২০০২ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তাঁর গ্রামের বাড়ি নওগাঁও জেলার পোশায়।