বিচার বিভাগীয় তদন্ত চাইলেন আল্লামা শফী
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২২:২৬
হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী ৫ মে গভীর রাতে শাপলা চত্বরে হতাহতদের সঠিক পরিসংখ্যান দেশবাসীর কাছে তুলে ধরার জন্য ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ৫ মে রাতে শাপলা চত্বরের সমাবেশে ইতিহাসের বর্বরোচিত হামলায় হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ বিভ্রান্তি দূর করতে হতাহতের সঠিক পরিসংখ্যান দেশবাসীর কাছে তুলে ধরার জন্য ঘটনার বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন। তিনি হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও তৌহিদী জনতার ঈমানী আন্দোলনকে জড়িয়ে বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
আল্লামা আহমদ শফী আরো বলেন, কোন রাজনৈতিক এজেন্ডা আমাদের নেই। আমরা খালেস দ্বীনি ও ঈমানী আন্দোলনে ময়দানে নেমেছি। মহান আল্লাহ ও প্রিয় নবীজী (সা.) এর শানে যারা বেআদবি করবে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। রাজনৈতিক রূপ দিয়ে হেফাজতে ইসলামের আন্দোলনকে কলঙ্কিত করার ষড়যন্ত্র যারা করবে, তারা প্রকারান্তরে নাস্তিক খোদাদ্রোহীদের দোসরে পরিণত হবে। তিনি তৌহিদী জনতাকে ধৈর্য ও সবরের মাধ্যমে এই নাজুক পরিস্থিতিতে আল্লাহর সাহায্য কামনা করার অনুরোধ জানান।