সোয়া দুই লাখ কোটি টাকার বাজেট আসছে ৬ জুন

নবম জাতীয় সংসদের শেষ বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ৩ জুন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট পেশ করবেন। সরকারের মেয়াদ বাজেট পেশের সময় মাত্র ছয় মাস থাকলেও বাজেট করা হচ্ছে পুরো অর্থ বছরের পরিকল্পনা করেই। সোয়া দুই লাখ হাজার কোটি টাকার বাজেট তৈরি হচ্ছে আগামী অর্থবছরের জন্য। এদিকে সংসদ সদস্য পদ রক্ষার জন্য হলেও প্রধান বিরোধী দল বিএনপিকে এবার সংসদের বাজেট অধিবেশনে ফিরতে হবে। কারণ ইতিমধ্যে বিরোধী দলের সদস্যদের সংসদে টানা অনুপস্থিতির সময় ৮৩ কার্যদিবস ছুঁয়েছে। নিয়ম অনুসারে সংসদে টানা ৯০ দিন অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজ হয়ে যায়। ইতিমধ্যে সংসদের আসন্ন অধিবেশনে যোগ দেয়ার জন্য বিএনপির শীর্ষ পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বিএনপি সূত্র বলেছে, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংসদ এবার উত্তপ্ত করার চেষ্টা করবেন বিরোধী দলের সদস্যরা। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা সরব থাকবেন। আর এজন্য অধিবেশনের প্রথম দিকেই এবার সংসদে বিএনপির ফেরার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের প্রথম নারী স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী বাজেট অধিবেশনের প্রথমদিনেই অধিবেশন পরিচালনা করবেন বলে জানা গেছে। স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর শিরিন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হন। নবনিযুক্ত স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী সাংবাদিকদের বলেন, আনুষ্ঠানিকভাবে না হলেও বিরোধী দলের অনেক সদস্যের সঙ্গে এমনিতে কথা হয়েছে। সংসদে এসে সরকারি ও বিরোধী দল আলোচনা করলে অনেক সমস্যা এমনিতেই মিটে যেতে পারে। বিরোধী দল সংসদের গুরুত্বপূর্ণ আগামী বাজেট অধিবেশনে আসবে বলে আশা করি। এর আগে টানা ৭৭ দিন অনুপস্থিত থাকার পর সর্বশেষ গত বছরের ১৮ মার্চ সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন বিরোধী দলের সদস্যরা। এরপর থেকে মূলত তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা সংসদ বর্জন করছেন। সংসদে বিরোধী দলের অনুপস্থিতির রেকর্ড বাড়ছে: পাঁচ বছর মেয়াদি চলতি সংসদের সময়কাল শেষ হওয়ার আগেই এবার বর্জনের রেকর্ড ভেঙ্গে ফেলেছে বিরোধী দল বিএনপি। নবম সংসদে এ পর্যন্ত ৩৭০ কার্যদিবসের মধ্যে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া মাত্র ৮ দিন সংসদে যোগ দেন। আর বিরোধী দল বিএনপি মাত্র ৫২ কার্যদিবস সংসদে যোগ দেয়। সংসদের পাওয়া তথ্য অনুসারে, বিরোধী দল সপ্তম সংসদের ৩৮২ কার্যদিবসের মধ্যে ১৬৩ দিন, অষ্টম সংসদের ৩৭২ কার্যদিবসের মধ্যে ২২৩ এবং নবম সংসদের বিগত অধিবেশন পর্যন্ত ৩৭০ কার্যদিবসের মধ্যে ৩১৮ দিন সংসদের কার্যক্রম বর্জন করেছে। বাজেট অধিবেশন চলবে দেড় মাসঃ সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদের এবারের বাজেট অধিবেশন দীর্ঘ হবে। আপাতত দেড় মাস চলার প্রস্তুতি নিয়ে শুরু করার চিন্তা রয়েছে এ অধিবেশনের। তবে তা দুই মাসও চলতে পারে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদের এ বাজেট অধিবেশন আহ্বান করেছেন। ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট পাসের পাশাপাশি এবার সংসদে জনগুরুত্বপূর্ণ বেশকিছু বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।