ভীতি কমছে, রেশমার শারীরিক অবস্থার আরো উন্নতি
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২২:২৭
রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া গার্মেন্টস কর্মী রেশমা বেগমের শারীরিক অবস্থার আরোও উন্নতি হয়েছে। গতকাল মঙ্গলবার আইভির মাধ্যমে তার দেহে এন্টিবায়োটিকসহ অন্যান্য ওষুধ দেয়া বন্ধ করে দিয়েছেন চিকিত্সকরা। মুখে তিনি স্বাভাবিকভাবে এন্টিবায়োটিকসহ অন্যান্য ওষুধ খাচ্ছেন। রেশমা সাভার সিএমএইচে ইনটেনসিভ কেয়ার ইউনিটে মেডিসিন বিশেষজ্ঞ কর্নেল আজিজুর রহমানের অধীনে চিকিত্সাধীন। এ বিশেষজ্ঞ চিকিত্সক কর্নেল আজিজুর রহমান বলেন, রেশমা গতকাল থেকে ওষুধ ও খাবার স্বাভাবিকভাবে খাচ্ছেন। তার ভয়ভীতি কমে যাচ্ছে। ঘুমও ভাল হয়েছে। পুরোপুরি পূর্ণ সুস্থ হতে তার আরও কয়েক দিন লাগবে বলে তিনি জানান। রানা প্লাজায় ধ্বংসস্তূপে ১৭ দিন জীবিত থাকা অবস্থায় ১০মে উদ্ধার কর্মীরা রেশমাকে উদ্ধার করেন। সেখান থেকে তাকে সাভার সিএমএইচে নিয়ে যায়।