রাশিয়া থেকে সিআইএ এজেন্টকে বহিষ্কারের নির্দেশ
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২২:২৯
রাশিয়ায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র এক এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। রাশিয়ার এক গোয়েন্দা কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র হয়ে কাজ করার জন্য নিয়োগ দেয়ার চেষ্টা করায় তাকে গ্রেফতার করা হয়। তার নাম রায়ান ফগল। তাকে অবাঞ্ছিত ঘোষণা করে রাশিয়া থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে রুশ সরকার। মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে রুশ সরকার তলব করেছে। খবর বিবিসির।
রায়ান মস্কোর মার্কিন দূতাবাসের কর্মচারী হলেও সিআইএ স্টাফ হিসাবেও কাজ করছিলেন। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) গতকাল মঙ্গলবার জানায়, ১৩-১৪ মে রাতে রায়ান ক্রিস্টোফার ফগলকে এফএসবি’র গুপ্তচরবৃত্তি-রোধী অভিযানের কর্মকর্তারা বড় অঙ্কের তহবিলসহ গ্রেফতার করে। তার কাছে পরচুলা, বিশেষ কিছু যন্ত্রপাতি এবং ওই রুশ গোয়েন্দার জন্য কিছু নির্দেশনা পাওয়া গেছে। এ ব্যাপারে মস্কোর মার্কিন দূতাবাস তাত্ক্ষণিক কোন মন্তব্য করেনি।