রাজধানীতে হেফাজত বিরোধী ওলামা সমাবেশ ১৮ মে ও ২২ জুন

জামায়াত ও মওদুদীবাদকে ভ্রান্ত আখ্যা দিয়ে এবং হেফাজতে ইসলামের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রাজধানীতে আগামী ১৮ মে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ২২ জুন ইমাম-ওলামা ঐক্য পরিষদ আলাদাভাবে ওলামা সমাবেশ করবে। এজন্য তারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সহযোগিতা চেয়েছেন। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন বলে ১৪ দলের নেতৃবৃন্দ জানিয়েছেন। গতকাল মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সঙ্গে মতবিনিময় শেষে ইমাম-ওলামা ঐক্য পরিষদের মহাসচিব শাহ মো. ওমর ফারুক সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মুহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা বাহাদুর শাহ মুজাদ্দেদী, ইমাম-উলামা ঐক্য পরিষদের সভাপতি ইসমাইল হোসেন, ফেতনা প্রতিরোধ কমিটির সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, ইসলামী ঐক্য মঞ্চের সভাপতি মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুস সাত্তার, বাংলাদেশ ইমাম ওলামা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের সভাপতি মুফতি গোলাম রাব্বানী, ওলামা লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরীয়তপুরী। ১৪ দল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, গণ আজাদী লীগের সভাপতি হাজী আবদুস সামাদ, জাসদের নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, মাহমুদুর রহমান বাবু, কমিউনিস্ট কেন্দ্রের ডা. অসিত বরণ রায়, পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ, ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া প্রমুখ।