ফ্রান্সে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২২:২৯
ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মদিন। গত রবিবার বিকালে প্যারিসের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালিত হয়। বিশ্বকবির ১৫২তম জন্মদিন ও নোবেল প্রাপ্তির শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রখ্যাত বাংলাদেশি চিত্রকর ও মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুৃদ্দিনের আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চিত্রকর্ম দূতাবাসে প্রদর্শনের জন্য উন্মোচন করা হয়।
ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আনিসা আহমেদ ও ওয়ালিউর রহমানের পরিচালনায় রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্যকর্মের উপর স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। অনুষ্ঠানে দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর ফিরোজ আহমেদ, বিশিষ্ট মূকাভিনেতা পার্থ প্রতীম মজুমদার, কমিউনিটি ব্যক্তিত্ব শরীফ আল মোমিন, টি এম রেজা, এমদাদুল হক স্বপনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি