এ সরকারের শেষ বাজেট অধিবেশন বসছে ৩ জুন

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের শেষ বাজেট অধিবেশন বসছে আগামী ৩ জুন। এটি হবে চলতি নবম সংসদের ১৮তম অধিবেশন। অপরদিকে বিএনপির নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যদের পদ বহাল রাখার জন্য বাজেট অধিবেশনে যোগদান ছাড়া বিকল্প কিছু নেই। কারণ বাজেট অধিবেশনের সপ্তম কার্যদিবসের মধ্যে যোগদান না করলে তাদের অনুপস্থিত ৯০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হবে সদস্যপদ বহাল রাখার বিষয়টি। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাজেট অধিবেশন আহ্বান করেছেন। আগামী ৩ জুন বিকাল সাড়ে ৫টায় অধিবেশন বসবে। তার আগে একই দিন বিকাল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। গত ৩০ এপ্রিল সংসদের ১৭তম অধিবেশনের সমাপনী দিনে স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী এবং একই দিন তিনি শপথ গ্রহণ করেন। স্পিকার হিসাবে তিনি প্রথম দুইটি কাজ করবেন। একটি হচ্ছে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করা এবং দ্বিতীয়টি বাজেট অধিবেশন পরিচালনা। এদিকে সংসদ সচিবালয় সূত্র জানায়, বিরোধী দলের সদস্যদের সংসদ অধিবেশন বর্জনের সংখ্যা হচ্ছে ৮৩ কার্যদিবস। বাজেট অধিবেশনের প্রথম ৭ কার্যদিবসের মধ্যে যোগদান না করলে তা ৯০ কার্যদিবস পূর্ণ হবে। সদস্যপদ বহাল রাখতে সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য তাদেরকে অধিবেশনে যোগদান করতে হবে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েকজন সংসদ সদস্য জানান, জুনের ৩ তারিখ এখনো অনেক দূরে। অধিবেশনে যোগদান করা না করার বিষয়ে বিরোধীদলীয় নেতার সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে সদস্যপদ বহাল রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে অনেকে অধিবেশনে যোগদান করার পক্ষে রয়েছেন।