‘মহাসেন’ আতঙ্কে উপকূলবাসী

ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মহাসেন’ উপকূলবাসীর কাছে সবচে’ আলোচিত নাম এখন। একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মুখে থাকা উপকূলীয় লোকজন মহাসেনের সম্ভাব্য তাণ্ডব কিভাবে মোকাবিলায় করবেন তা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তত্পর হয়ে উঠেছে প্রশাসনও। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর। ভোলা ( উত্তর) প্রতিনিধি এম. ফারুকুর রহমান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর আঘাত হানার খবরে তীব্র আতঙ্ক ও উত্কণ্ঠায় সময় পার করছে বিছিন্ন দ্বীপজেলা ভোলার ২০ লাখ মানুষ। দুই দিন আগে মহাসেন নিয়ে শুরু হওয়া আতঙ্ক যেন শেষ হচ্ছে না। সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে মনপুরা, ঢালচর, কুকরী মুকরি, চর জহির উদ্দিন, কলাতলীর চর, মাঝের চর ও মদনপুরের বাসিন্দারা। মহাসেন আঘাত হানার সময় যত ঘনিয়ে আসছে দ্বীপবাসীর মনে আতঙ্ক ততই বাড়ছে। এদিকে মেঘনা-তেঁতুলিয়ার মধ্যবর্তী চরাঞ্চলের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বার বার আহবান জানানোর পর গতকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত কেউ আশ্রয় কেন্দ্রে আসেনি। স্থানীয় প্রশাসন এসব চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে আনার জন্য ট্রলারের ব্যবস্থা করেছে। তবে ঘরবাড়ি- গবাদিপশু হারানোর ভয়েই দরিদ্র মানুষরা ঘর ছাড়তে রাজি হচ্ছে না। অপরদিকে ভোলার চরপাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা ও তেঁতুলিয়া নদী ক্রমেই উত্তল হয়ে ওঠায় ট্রলারে করে চরাঞ্চল থেকে মানুষ আনা-নেয়া ঝুঁকিপূর্ণ হয়ে ওঠছে। গতকাল দুপুরের পর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি আর বাতাসের গতি বৃদ্ধি পেয়েছে। দিনভর আকাশ ছিল গুমোট-মেঘাচ্ছন্ন। স্থানীয় সূত্রে জানা যায়, জেলার মূল ভুখণ্ড থেকে সম্পূর্ণ বিছিন্ন ১২টি ইউনিয়ন ও ৫০টি দ্বীপচরে বসবাসকারী প্রায় ৫ লাখ। ওইসব এলাকায় নেই কোন বেড়িবাঁধ বা পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। জেলার ২০ লাখ মানুষের আশ্রয়ের জন্য বর্তমানে ২৫০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। প্রতিটিতে কেন্দ্রে দেড় হাজার করে আশ্রয় নিলে প্রায় ৪ লাখ মানুষ আশ্রয় নিতে পারবে। বাকীরা রয়ে যাচ্ছে নিরাপত্তাহীনতায়। ভোলার জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মহাসেন-মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত সর্তকতা গ্রহণ করা হয়েছে। ব্যাপক প্রচারণার পাশাপাশি খোলা হয়েছে ৮টি কন্ট্রোল রুম। চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে আনা ও দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজের জন্য সিপিবির প্রায় ৯ হাজার কর্মী ও ট্রলার প্রস্তুত রাখা হয়েছে। ১নং মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন হাওলাদার জানান, কলাতলীর চরে ১৫ হাজার, ঢালচরে ২ হাজার ও চর নিজামে ৫ হাজার লোক বসবাস করে। এসব চরে কোন বেড়িবাঁধ, সাইক্লোন শেল্টার বা কিল্লা নেই। এরা সবাই ঝুঁকিতে রয়েছে। মনপুরার উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকী জানান, নৌযান প্রস্তুত রাখা হয়েছে। রেডক্রিসেন্টের কর্মীরা চরের লোকজন নিরাপদে আনার জন্য উদ্বুদ্ধ করছে। বরগুনা থেকে আবদুল আলীম হিমু জানান, ‘সিডর’-এর ভয়াবহতা এখনও কাটিয়ে উঠতে পারেনি উপকূলীয় জেলা বরগুনার বাসিন্দারা। বিশেষ করে সিডরে ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিরাট অংশ এখনও পুনঃনির্মাণ ও সংস্কার করা হয়নি। ফলে ‘মহাসেন’ একপ্রকার মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে। আর এ কারণেই মহা-আতংকে দিন কাটাচ্ছেন এই এলাকার বাসিন্দারা। বরগুনা পাউবো প্রকৌশলী কার্যালয়ের তথ্যমতে সিডরের জলোচ্ছ্বাসে জেলার ২২টি পোল্ডারের ৮৫০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মধ্যে ৫৪ কিলোমিটার সমপূর্ণ এবং ৩৯৬ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। কিছু স্থানে মেরামত করা হলেও বর্তমানে প্রায় ১০০ কি. মি. বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংস্কার হওয়া বাঁধের উচ্চতা কম হওয়ায় এসব স্থান থেকে জোয়ারের পানি উপচে বার বার লোকালয় প্লাবিত হয়। সদর উপজেলা ডালভাঙা, নিশানবাড়িয়া, নলটোনা, বালিয়াতলী বদরখালী, বুড়িরচর, পাথরঘাটা উপজেলার কালমেঘা, পদ্মা স্লুুইস, জিয়ামাঠ সংলগ্ন এলাকা, তালতলী উপজেলার জয়ালভাঙা, আমতলী উপজেলার পৌরশহর রক্ষাবাঁধ, বেতাগী ও বামনা উপজেলার লঞ্চঘাট সংলগ্ন এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এখনও সংস্কার করা সম্ভব হয়নি। ফলে ‘মহাসেন’ নামক ঘূর্ণিঝড় আসার খবরে রীতিমত আতংকিত হয়ে পড়েছেন এসব এলাকার মানুষ। নলটোনা ইউনিয়নের বাসিন্দা আবদুস সত্তার বলেন, বড় ঘূর্ণিঝড় আসলে আমাদের মরণ ছাড়া আর কোন গতি নাই! পিরোজপুর অফিস থেকে নাসিম আলী জানান, “মহাসেন” আতঙ্কে সুন্দরবনের বিভিন্ন স্থানে সহস্রাধিক জেলে অবস্থান করছে। সেখানে রেডএলার্ট জারি করেও তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া যাচ্ছে না। দুবলার চরের মাঝেরখাল, ছাপরাখালী, মেহেরআলীর খাল ও আলোরকোলে এসব জেলেদের অবস্থান। যদিও এ মৌসুমে সুন্দরবনের বঙ্গোপসাগর সংলগ্ন এসব বনাঞ্চলে নিয়মানুযায়ী কোন জেলের অবস্থান করার কথা নয়। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন, ভাণ্ডারিয়ার চারটি ইউনিয়ন, জিয়ানগরের তিনটি ইউনিয়ন, সদরের দু’টি ইউনিয়ন এবং কাউখালীর তিনটি ইউনিয়নের বাসিন্দারা জলোচ্ছ্বাস আতংকে ভুগছেন। খুলনা অফিস থেকে এনামুল হক জানান, প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিডর ও আইলার তাণ্ডবে লণ্ডভণ্ড হওয়া খুলনার উপকূলীয় উপজেলা দাকোপ, কয়রা, পাইকগাছা, বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলার মানুষ আগের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই ফের ঘূর্ণিঝড় ‘মহাসেন’ এর আগমনের খবরে চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় খুলনায় দুটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। দফায় দফায় চলছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক। সরকারি সকল কর্মকর্তা- কর্মচারির ছুটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। বঙ্গোপসাগরের সবচেয়ে নিকটবর্তী উপজেলা সুন্দরবন সংলগ্ন দাকোপ ও কয়রা উপজেলা। প্রত্যেকটি প্রাকৃতিক দুর্যোগেই এই দুইটি উপজেলার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আড়াই লক্ষাধিক মানুষের জন্য দাকোপ উপজেলায় কমপক্ষে ২৩০ থেকে ২৪০টি আশ্রয় কেন্দ্রের প্রয়োজন হলেও বর্তমানে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিরাপদ আশ্রয় কেন্দ্র (সাইক্লোন শেল্টার) রয়েছে মাত্র ৫৮টি। এর মধ্যে ৪টি পরিত্যক্ত। ফলে প্রাকৃতিক দুর্যোগে আশ্রয়হীন হয়ে পড়বে এ উপজেলার লক্ষাধিক মানুষ। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভবিষ্যত্ করণীয় নিয়ে সোমবার রাতে খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। সভায় খুলনা জেলায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারির ছুটি বাতিল, সংশ্লি¬ষ্ট সকলকে পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখা এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সরকারি-আধাসরকারি, বেসরকারি-স্বেচ্ছাসেবী সকল বিভাগ দপ্তর ও সংস্থাকে তাদের লজিস্টিক সাপোর্টসহ লোকবল প্রস্তুত রাখতে নির্দেশ দেয়া হয়। এছাড়া নিম্নচাপ সংক্রান্ত আবহাওয়া দপ্তরের জারিকৃত বুলেটিন শোনা এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য জনগণকে পরামর্শ প্রদান, উপজেলা নির্বাহী অফিসারগণ উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয়করণসহ দুর্যোগ সংক্রান্ত স্থায়ী আদেশাবলী অনুসরণে উপজেলা সদরে নিয়ন্ত্রণ কক্ষ খুলে পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখা এবং সাইক্লোন শেল্টারসমূহ খুলে রাখার ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। দাকোপ, কয়রা ও পাইকগাছার শিক্ষা প্রতিষ্ঠানে সার্বক্ষণিক লোক উপস্থিত থেকে প্রতিষ্ঠানগুলো খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, খুলনা জেলায় মোট ১৫৭টি সাইক্লোন শেল্টার রয়েছে। ইতিমধ্যে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ১টিসহ ৯টি উপজেলায় মোট ১০টি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। এছাড়া খুলনার সিভিল সার্জন অফিসেও একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জেলায় ১১৬টি মেডিকেল টীম গঠন করা হয়েছে। শতাধিক রেড ক্রিসেন্ট এবং স্কাউটসরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য শুকনা খাবার, নগদ টাকা, কম্বল এবং ত্রিপলের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। কক্সবাজার প্রতিনিধি আহমদ গিয়াস জানান, ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর প্রভাবে কক্সবাজারে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং এরপর থেকে দুপুর পর্যন্ত গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। সাগর কিছুটা উত্তাল হয়ে ওঠেছে। কক্সবাজারে গত শুক্রবার থেকে গুমোট আবহাওয়া বিরাজ করে। গতকাল বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে দেখা যায়, বাতাসের গতিবেগ কম হলেও সাগরের ঢেউ ছিল উত্তাল। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন জানান, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রশাসন প্রস্তুতি নিয়েছে। জেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তার ছুটি পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। সিগনাল বাড়লে কক্সবাজারের নিচু এলাকায় মাইকিং করে আশ্রয় কেন্দ্র খোলা হবে। জেলা স্বাস্থ্য বিভাগ ১১৩টি জরুরী মেডিকেল টিম ইতোমধ্যে প্রস্তুত রেখেছে। সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা খোরশেদ আলম জানান, ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় গতকাল সোমবার নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হয়েছে। দিনভর উপজেলার সর্বত্র মাইকিং করা হয়েছে। উপজেলার সর্বস্তরের জনসাধারণকে সচেতনতা ও নিরাপদ স্থানে থাকার জন্য এভাবে মাইকিং করা হয়। তাছাড়া ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সেনবাগে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিক গতকাল সন্ধ্যায় ইত্তেফাককে জানায়, ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় ইতিমধ্যে উপজেলায় একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। তাছাড়া এলাকাবাসীকে সচেতন ও নিরাপদ স্থানে থাকার জন্য গতকাল সকাল থেকে পুরো উপজেলায় মাইকিং করা হয়েছে।