ঢাকা-বরিশাল আকাশপথে জুন থেকে দ্বিগুণ ফ্লাইট
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২২:৩৩
ঢাকা-বরিশাল আকাশপথে সার্ভিস চালুর মাত্র এক মাসের মাথায় যাত্রী চাহিদার প্রেক্ষিতে সপ্তাহে দ্বিগুণ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ। আগামী ১ জুন থেকে সপ্তাহে দুইদিনের পরিবর্তে ৪ দিন তারা ফ্লাইট পরিচালনা করবেন বলে জানিয়েছেন। একই সাথে নৌপথে বে-ক্রুজে যাত্রীর চাপ সামাল দিতে নতুন আরো একটি বে-ক্রুজ আমদানির কথা জানিয়েছেন। ঐ বে-ক্রুজটি ঈদের আগে যুক্ত হতে পারে বলে কোম্পানির লোকজন জানিয়েছেন।
ইউনাইটেড এয়ারওয়েজের এজিএম মো. কামরুল ইসলাম ও ম্যানেজার মো. মুসা জানান, আগামী ১ জুন থেকে প্রতি শনি, রবি, বুধ ও বৃহস্পতিবার ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট চালু হবে। দীর্ঘ ৫ বছর বন্ধ থাকার পর গত ২৫ এপ্রিল ইউনাইটেড এয়ারওয়েজ বরিশাল-ঢাকা আনুষ্ঠানিকভাবে ফ্লাইট চালু করে । ঐদিন থেকে প্রতি সপ্তাহে রবি ও বৃহস্পতিবার ৬৬ সিটের এয়ারক্রাফ্ট যাত্রী পরিবহন করে ব্যাপক সাড়া পেয়েছে। আগামী ১ জুন থেকে ৬৬ আসনের এ এয়ারক্রাফটের সাথে ৩৭ সিটের আরো একটি এয়ারক্রাফ্ট যুক্ত করে সপ্তাহে ৪ দিন ফ্লাইট পরিচালনা করা হবে। ভাড়া ৩ হাজার টাকাই বহাল রাখা হয়েছে। ইউনাইটেড কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীর চাপ থাকলে তারা সপ্তাহে প্রতিদিনই ফ্লাইট পরিচালনা করবেন।
২৮ এপ্রিল নৌপথে ঢাকা-বরিশাল রুটে চালু হয় অত্যাধুনিক দ্রুতগামী যাত্রীবাহী জলযান বে-ক্রুজ। মাত্র ২৫৫ সিটের এ নৌযানটি ৪ ঘণ্টায় ঢাকা থেকে বরিশাল যাতায়াত করে যাত্রীদের ব্যাপক সাড়া পেয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীদের চাহিদা অনুযায়ী আরো একটি বে-ক্রুজ তারা আমদানি করতে যাচ্ছেন। ঈদের পূর্বে ঐ বে-ক্রুজটি ঢাকা-বরিশাল রুটে যুক্ত হবে। ধারণক্ষমতা বেশি এবং কম সময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে আরো অত্যাধুনিক জলযান আমদানির জন্য তারা বিদেশে যোগাযোগ করছেন। প্রসঙ্গত, ঢাকা-বরিশাল রুটে এক যুগের বেশি সময় ধরে রোটেশন পদ্ধতিতে লঞ্চ পরিচালনা করে যাত্রীদের জিম্মি করে রাখা হয়েছিল। একই সময় আকাশপথে সরকারি ও বেসরকারি বিমানের ফ্লাইট সার্ভিস গুটিয়ে নিয়ে যাওয়া হয়।