মেয়র প্রার্থী নিয়ে রাজশাহীতে বিএনপি-জামায়াত টানাপড়েন
আনিসুজ্জামান, রাজশাহী অফিস
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২২:৩৩
রাজশাহী সিটি করর্পোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র প্রার্থিতা নিয়ে ১৮ দলীয় জোটের দুই প্রধান শরীক বিএনপি-জামায়াতের মধ্যে টানাপড়েন চলছে। নিজেদের মধ্যে সমঝোতা-আলোচনা ছাড়াই উভয় দল মেয়র পদে নিজেরা প্রার্থী দিচ্ছে। বিষয়টি উভয় দলের দায়িত্বশীল নেতারা স্বীকার করেছেন।
জানা যায়, বর্তমানে কারাবন্দি জামায়াত নেতা ডা. মুহম্মদ জাহাঙ্গীর গত ১২ মে প্রতিনিধির মাধ্যমে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন। একই দিন প্রতিনিধির মাধ্যমে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সফিকুল হক মিলন। নামপ্রকাশে অনিচ্ছুক বিএনপি নেতারা বলেন, এমনিতেই দলের দুইনেতা মেয়র পদে মনোনয়ন দাখিল করায় মহানগর বিএনপি সংকটে রয়েছে। জামায়াত একক মেয়র প্রার্থী দেয়ায় বিএনপির চলমান সংকট আরেক ধাপ বেড়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক জামায়াতের জ্যেষ্ঠ নেতারা বলেন, প্রায় দেড়বছর ধরে রাজশাহী বিএনপি জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে ছাড়াই কেন্দ্রীয় কর্মসূচি পালন করছে। এই সময়ে কোনো যৌথ কর্মসূচিতে বিএনপি নেতারা জামায়াতের নেতাদের আমন্ত্রণ পর্যন্ত জানাননি। মূলত মামলায় জড়ানোর ভয়ে বিএনপি নেতারা জামায়াতে ইসলামী থেকে কৌশলে নিজেদের দূরে রেখেছেন। অথচ বিগত সময়ে বিএনপির নেতৃবৃন্দ জামায়াতের ভোট নিয়ে মেয়র-এমপি হয়ে ফায়দা লুটেছেন। এ হিসেবে রাজশাহীর মেয়র পদটি জামায়াতেরই প্রাপ্য। এক্ষোভ থেকে স্থানীয় জামায়াত নেতারা মেয়র পদে একক দলীয় প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
একাধিক বিএনপি নেতা বলেন, মেয়র পদে জামায়াতের প্রার্থী মাঠে থাকলে আওয়ামী লীগ নেতা ও সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে মোকাবিলা করা বিএনপির জন্য অনেক বেশি কঠিন হবে। আশির দশকের ছাত্রদল নেতা ও রাজশাহী জেলা বিএনপির উপদেষ্টা সৈয়দ শাহীন শওকত বলেন, ‘রাজনীতিতে চাওয়া পাওয়া তো থাকবেই। রাজশাহীর ৬টি সংসদীয় আসনের এক বা একাধিক আসনে হয়তো জামায়াত প্রার্থী দিতে চায়। এ কারণেও তারা কৌশলে রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী দিয়ে থাকতে পারে।’
জামায়াতের মেয়র প্রার্থিতা নিয়ে বিএনপি’র মধ্যে আরেক জল্পনা আওয়ামী লীগের সঙ্গে স্থানীয় জামায়াতের গোপন ‘সমঝোতা’! কারণ জামায়াতের রাজশাহী মহানগর আমির আতাউর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. মুহম্মদ জাহাঙ্গীরসহ অসংখ্য নেতাকর্মী বর্তমানে কারাবন্দি রয়েছেন। দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধেও অসংখ্য মামলার খড়গ ঝুলছে। জোটের শরীক হিসেবে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তাদের (জামায়াত নেতৃবৃন্দ) জন্য ন্যূনতম সহানুভূতি পর্যন্ত দেখাচ্ছেন না। এক্ষেত্রে গোপন ‘সমঝোতার’! বিষয়টি বিএনপি একেবারে উড়িয়ে দিচ্ছে না।