না.গঞ্জে বিএনপির নিষ্ক্রিয় নেতারা মামলার আসামি হয়ে হিরো

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ এলাকাতে হেফাজতে ইসলামের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনায় গতকাল মঙ্গলবার পর্যন্ত দায়ের করা ১৩টি মামলাতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের অনেককে আসামি করা হয়েছে। অভিযোগ উঠেছে, নারায়ণগঞ্জে আন্দোলন সংগ্রামে সক্রিয় নেতাদেরকে মামলায় জড়িয়ে আত্মগোপনে যেতে বাধ্য করেছে প্রশাসন। অন্যদিকে নিষ্ক্রিয় নেতারা সরকারের এ শেষের দিকে এসে সুযোগ কাজে লাগাতে উল্টো প্রশাসনের সঙ্গে লিয়াজোঁ করে আসামি হয়েছেন। এভাবে সরকারের শেষের দিকে এসে তারা এখন অনেক মামলার আসামি হয়ে ‘হিরো’ বনে যাচ্ছেন। নিষ্ক্রিয় এসব নেতাদের মামলা প্রত্যাহারের পোস্টারে এখন ছেয়ে যাচ্ছে রাজপথসহ অলিগলি। পোস্টার যুক্ত হচ্ছে ত্যাগী আর নির্যাতিত নেতার উপাধি। অভিযোগ রয়েছে, নিষ্ক্রিয় অনেক নেতা আবার টাকার বিনিময়ে আসামি হওয়ার তদবির করছেন। আসামিদের মধ্যে এমনও নেতার নাম রয়েছে যাদেরকে গত সাড়ে ৪ বছরে কোন ধরনের আন্দোলনে দেখা পাওয়া যায়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে ভিন্ন কথা। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ৮টি মামলাতেই জড়ানো হয়েছে সাবেক এক সংসদ সদস্য ও তার অনুগামী নেতাদের। তাছাড়া জেলা বিএনপির নিষ্ক্রিয় অনেক নেতারা থানা পুলিশকে উল্টো টাকা দিয়ে আসামি হওয়ার চেষ্টা করেছেন। আওয়ামী লীগ সমর্থিত সিটি করপোরেশন এর এক কাউন্সিলরের সঙ্গে সাবেক সংসদ সদস্যের পূর্ব বিরোধের জের ধরেই তাদেরকে একের পর এক মামলায় ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তিনটি মামলাতে সাবেক সংসদ সদস্যের পাশাপাশি তার তিন ছেলেকে আসামি করা হয়েছে যারা কোন ভাবেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জানান, মঙ্গলবার পর্যন্ত ১৩টি মামলা হয়েছে। এর মধ্যে অনেককে আসামি করা হয়েছে যারা নারায়ণগঞ্জে বিএনপির আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করছে। তাদেরকে মূলত আসামি করা হয়েছে যাতে নারায়ণগঞ্জে আন্দোলন সংগ্রাম না হয়। ইতোমধ্যে মামলায় গ্রেফতার এড়াতে অনেক আসামি পালিয়ে বেড়াচ্ছে। নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল জানান, আমরা যারা বিগত দিনে বার বার কারা নির্যাতিত নেতা তাদেরকে বার বার মামলা দেওয়া হচ্ছে। অথচ সরকারের শেষের দিকে এসে অনেকেই মামলার আসামি হচ্ছেন যারা কখনো আন্দোলন করেনি। কিছু ক্ষেত্রে ব্যক্তিস্বার্থের কারণেও মামলার শিকার হয়েছে অনেকে। তবে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন ও সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান জানিয়েছেন, ঘটনার দিনের ভিডিও ফুটেজ, স্থির চিত্র ও গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতেই আসামি করা হয়েছে। এখানে কোন ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি।