ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বেড়ে ৩৯

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বাড়লো। দীর্ঘ আইনি লড়াই শেষে নিবন্ধন পেলো বাংলাদেশ মুসলীম লীগ (বিএমএল)। সম্প্রতি হাইকোর্টের আদেশের পর দলটিকে নিবন্ধন দিয়েছে কমিশন। এ নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ালো ৩৯-এ। নিবন্ধনের জন্য রাজনৈতিক দলের আবেদনগুলো যাচাই-বাছাই শেষে আরো ৮টি দল নিবন্ধন পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে ইসি সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন, হাইকোর্টের আদেশে বাংলাদেশ মুসলিম লীগকে (বিএমএল) নিবন্ধন দেয়া হয়েছে। অচিরেই দলটিকে নিবন্ধন সার্টিফিকেট দেয়া হবে। তাছাড়া নিবন্ধনের জন্য আবেদনকৃত দলগুলোর ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য ২০০৮ সাল থেকে নিবন্ধন বাধ্যতামূলক করে নির্বাচন কমিশন। ওই সময় ১১৭টি দল আবেদন করে এবং পরে খসড়া গঠনতন্ত্র জমা দিয়ে ৩৯টি দল নিবন্ধিত হয়। সংশোধিত গঠনতন্ত্র জমা না দেয়ায় ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল করে কমিশন। তবে নতুন করে বাংলাদেশ মুসলিম লীগকে (বিএমএল) নিবন্ধন দেয়ায় গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ, ২০০৮ এর বিধান অনুযায়ী বর্তমানে কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯টি। আইন অনুযায়ী এই দলগুলোর মনোনীত কিংবা স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য কেউ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। ইসি সচিবালয় সূত্র জানিয়েছে, ২০০৮ সালে বাংলাদেশ মুসলীম লীগ নাম নিয়ে দু’টি পক্ষ নিবন্ধনের জন্য আবেদন করেছিল। তার মধ্যে শর্ত পূরণ করায় বাংলাদেশ মুসলিম লীগ (এডভোকেট নুরুল হক মজুমদার ও কাজী আবুল খায়ের) দলটিকে নিবন্ধন দেয়া হয়েছিল। দলটির প্রতীক দেয়া হয় হারিকেন। অন্যপক্ষটি বাংলাদেশ মুসলিম লীগ (কামরুজ্জামান) শর্ত পূরণ না করায় নিবন্ধন দেয়া হয়নি। ওই দলটি কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করে। হাইকোর্ট সম্প্রতি এক আদেশে নির্বাচন কমিশনকে ১ সপ্তাহের মধ্যে বাংলাদেশ মুসলিম লীগের নাম ও প্রতীক পরিবর্তন করে নিবন্ধন বিবেচনার জন্য বলা হয়। পরবর্তী সময়ে কমিশন বাংলাদেশ মুসলিম লীগের নাম পরিবর্তন করে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও তাদের প্রতীক হিসাবে হাত (পাঞ্জা) দিয়ে নিবন্ধনের সিদ্ধান্ত নেয়। চলতি মাসে কমিশন দলটিকে নিবন্ধন দিলেও এখনো সার্টিফিকেট দেয়নি। তবে দ্রুত দলটিকে নিবন্ধন সার্টিফিকেট দেয়া হচ্ছে। এদিকে, কমিশনের যুগ্ম সচিব (আইন) এর নেতৃত্বে ৫ সদস্যর বাছাই কমিটি নিবন্ধনের জন্য রাজনৈতিক দলের আবেদনগুলো যাচাই-বাছাই শুরু করেছে। আবেদনপত্র যাচাই-বাছাইয়ে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য দলগুলোর ব্যাপারেই মাঠ পর্যায়ে তদন্ত করা হবে। ইতিমধ্যে নিবন্ধনের জন্য আবেদনকৃত ৪৩টি দলের মধ্যে কমিটির প্রথম সভায় ১০টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র ৩টি দলের আবেদনপত্র প্রাথমিকভাবে গৃহীত হয়েছে। এই দলগুলো হলো-বাংলাদেশ নিউ সংসদ লীগ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট। তদন্ত কমিটি এই তিনটি দলের সাংগঠনিক কাঠামো অনুসন্ধানের জন্য কমিশনে সুপারিশ করেছে। বাকি ৩৩ দলের কাগজপত্র যাচাই করে এ মাসের মধ্যে মূল্যায়ন প্রতিবেদন দেয়া হচ্ছে। প্রাথমিকভাবে বৈধ নির্বাচিত দলগুলোর ব্যাপারেও একই ধরনের সুপারিশ থাকছে বলে জানান কমিটির এক সদস্য। তিনি নাম না প্রকাশের শর্তে বলেন, ৪৩টি রাজনৈতিক দলের মধ্যে প্রাথমিকভাবে ৮টির মতো দল শর্ত পূরণ করে আবেদন করেছে। এদের ব্যাপারে তদন্ত কমিটি থেকে মে মাসের শেষের দিকে নিবন্ধনযোগ্য বলে সুপারিশ করার পরিকল্পনা রয়েছে। তারপর ওইসব দলগুলোর মাঠ পর্যায়ের অফিসের অস্তিত্ব আছে কি না সে ব্যাপারে খোঁজ শুরু করা হবে। তার প্রতিবেদনের ভিত্তিতেই দলগুলোর নিবন্ধন দেবে কমিশন।