গোপালগঞ্জ বীণাপাণি স্কুলে টিফিন খেয়ে অসুস্থ দেড় শতাধিক ছাত্রী

গোপালগঞ্জ শহরের বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টিফিন খেয়ে দেড় শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। ৯৭ জন ছাত্রীকে গোপালগঞ্জ সদর হাসপাতাল, অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ২৫ শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ ঘটনায় ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও শহরবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। স্কুল ছুটি ঘোষণা করা হয়। টিফিন সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ভাই ভাই বেকারি’র ৩ জনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আজ বুধবার থেকে স্কুল চললেও টিফিন সরবরাহ বন্ধ থাকবে বলে স্কুলের প্রধান শিক্ষক মো. ইমরান আলী জানিয়েছেন। গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক কাজী আব্দুর রশিদ, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা খবর শুনে হাসাপাতাল ও বীণাপাণি স্কুলে যান এবং চিকিত্সার খোঁজ-খবর নেন। অসুস্থ ৯ম শ্রেণির ছাত্রী আছিয়া আক্তার পলি, ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আয়েশা জানায়, স্কুলের প্রভাতী শাখার সকল ক্লাসে সকাল ১০টার দিকে টিফিনে দুর্গন্ধযুক্ত কেক ও বিস্কুট দেয়া হয়। অনেক শিক্ষার্থী দুর্গন্ধযুক্ত কেক খায় এবং অনেকে কেক ফেলে দেয়। কেক খাওয়ার কিছু সময় পর পেট-বুক জ্বালাপোড়া, বমি ও হাত পায়ে খিঁচুনি শুরু হয়। পর্যায়ক্রমে সবাই অসুস্থ হয়ে পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে অভিভাবক ও শহরবাসী স্কুলে ভিড় জমান। অনেক অভিভাবক কিংকর্তব্যবিমূঢ় হয়ে দিগ্বিদিক ছুটাছুটি করেন ও কান্নায় ভেঙ্গে পড়েন। পুলিশ, স্থানীয় স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্টের সদস্যরা অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে এম্বুুলেন্সসহ বিভিন্ন যানবাহনে করে হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যান। হাসপাতালে শিক্ষার্থীদের চিকিত্সা দিতে চিকিত্সক, নার্সদের হিমশিম খেতে হয়। বেডে স্থান সংকুলান না হওয়ায় মেঝেতেও চিকিত্সা দেয়া হয়। বীণাপাণি স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস বলেনঃ কেক তৈরিতে পচা ডিম ব্যবহার করায় এ মধ্যে হাইড্রোজেন সালফাইড সৃষ্টি হয়ে বিষাক্ত গ্যাসে পরিণত হয়েছে। এ কেক খেয়ে ছাত্রীরা পেটের পীড়ায় আক্রান্ত হয়। সিভিল সার্জন ডা. মো. আছাদ উজ্জামান ১৫০ জন অসুস্থ হওয়ার কথা স্বীকার করে বলেন, কেক খাওয়ার পর পেটে বিষক্রিয়া শুরু হয় বলে ধারণা করা হচ্ছে। অসুস্থদের কারো অবস্থা আশংকাজনক নয়। চিকিত্সায় তারা সুস্থ হয়ে উঠছে। অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেও গেছে। বিদ্যালয়ে টিফিন সরবরাহকারী প্রতিষ্ঠান ভাই ভাই বেকারির মালিক, ম্যানেজার ও কর্মচারীকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড এবং বেকারি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মতিন এ সাজা প্রদান করেন। গোপালগঞ্জ সদর থানার এএসআই আয়ুব আলী জানিয়েছেন, বেকারি মালিক হাসমত আলী কাজী ও ম্যানেজার জিকরুল আলমকে ২ লাখ টাকা জরিমানা এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই কর্মচারী সাকির ও রায়হানকে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে দুই মাসের জেল দেয় আদালত। সন্ধ্যায় সাজাপ্রাপ্ত ৪ জনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।