৭ নার্সিং কলেজের আন্দোলন স্থগিত

দেশের ৭টি নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীদের আন্দোলন স্থগিত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে তিন দফা দাবি না মেনে নিলে পুনরায় আন্দোলন শুরু করা হবে। গতকাল মঙ্গলবার সেবা পরিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাসলিমা বেগমের সঙ্গে স্টুডেন্টস ওয়েল ফেয়ারের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে তিন দফা মেনে নেয়ার আশ্বাস দেন। নেতৃবৃন্দ তাদের আন্দোলন এক মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নার্সিং কলেজ স্টুডেন্টস ওয়ারের সভাপতি রাজীব কুমার বিশ্বাস প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। নার্সিং পেশার মান উন্নয়নের লক্ষ্যে অনতিবিলম্বে চার বছর মেয়াদী বিএসসি-ইন-নার্সিং কোর্স শেষে এক বছর মেয়াদী ইন্টার্নিশিপ চালু, ছাত্র-ছাত্রীদের প্রতি মাসের বৃত্তি মাথাপিছু তিন হাজার টাকা বৃদ্ধি ও ক্লিনিকাল প্র্যাকটিসের সময় নির্ধারিত ইউনিফরমের উপর প্রোটেকটিভ পোশাক হিসেবে অ্যাপ্রন পরিধানের অনুমতি প্রদানের দাবিতে গত ৯মে থেকে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করে আসছেন। ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ এবং প্রতিদিন কলেজ প্রাঙ্গণে মিছিল-মিটিং করে আসছেন। এই তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে ঘোষণা দেয়া হয়। গতকাল আন্দোলন স্থগিত ঘোষণার পর আজ বুধবার থেকে নার্সিং কলেজে নিয়মিত ক্লাসসহ অন্যান্য কার্যক্রম শুরু হবে বলে কর্তৃপক্ষ জানান। গতকাল স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উক্ত আন্দোলন সম্পর্কে তিনি কিছু জানেন না।