সাতক্ষীরায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান

সাতক্ষীরার ঝাউডাঙ্গা এলাকায় ট্রাক শ্রমিকদের উপর হামলা, বসতবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আজ বুধবার থেকে জেলার সব সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক শ্রমিক ঐক্যপরিষদ। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল সোমবার এই ধর্মঘটের ডাক দেয়া হয়। এ ঘটনায় সোমবার ৩০ জনের নাম উল্লেখ করে গতকাল সাতক্ষীরা সদর থানায় পৃথক পাঁচটি এজাহার জমা দেয়া হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রবিবার ৭ জনকে গ্রেফতার করে। সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফল করিম সাবু বলেন, সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকায় গ্রামবাসীরা শ্রমিকদের উপর হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটায়। এসময় গ্রামবাসীরা একজন শ্রমিকের হাতও কেটে নিয়েছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে বুধবার জেলার সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে বলে তিনি জানান।